সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন মনে করা হয় তাঁকে। সবচেয়ে বড় পরিচয় তিনি ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ‘স্বপ্নের দলে’র অধিনায়ক। এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের ভালো-মন্দ নিয়ে লিখেছেন ‘ক্যাপ্টেন’ কার্লোস আলবার্তো
ব্রাজিলকে নিয়ে ভয় হচ্ছে
এ পর্যন্ত যে কয়টি বিশ্বকাপ হয়েছে, সব কটিতেই অংশ নেওয়ার কৃতিত্ব একমাত্র ব্রাজিলেরই আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউরোপের সঙ্গে তুলনা করলে ব্রাজিলের ফুটবলকে এখন খুবই নাজুক বলতে হয়। ফুটবলের অভিজাত নামগুলো এখন ইউরোপেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের চেয়ে ইউরোপে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইটাও কঠিন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০টি দেশের বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট পায় সাড়ে চারটি দেশ। এর পরও আর্জেন্টিনাকে মূলমঞ্চের টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। আর টিকিটটা নিশ্চিত হওয়ার পর তাদের উদ্যাপনটা এমন ছিল যেন বিশ্বকাপই জিতে ফেলেছে।ভালোভাবে বাছাইপর্বের বৈতরণী পেরোনো গেছে—এই ভেবে ব্রাজিলেরও উৎফুল্ল হওয়ার কিছু নেই। ব্রাজিলের সামনে পড়ে রয়েছে অনেক কঠিন পথ। কারণ, আগের জাতীয় দলগুলোর তুলনায় ব্রাজিলের এই দলটি মোটেই প্রতিভাধর নয়। ব্যাপারটা এখন অন্য রকম, কারণ ব্রাজিলের এই দলটিতে বিশ্বমানের খেলোয়াড় আছে মাত্র দুজন—গোলরক্ষক হুলিও সিজার ও কাকা।অতীতে ব্রাজিলে প্রতিবারই দলে চার বা পাঁচ কিংবা ছয়জন গ্রেট খেলোয়াড় থাকত যাদের যে কোনো একজনই দলকে বিশ্বকাপ জেতানোর মতো সামর্থবান—গারিঞ্চা-পেলে, এরপর ১৯৯৪-এ রোমারিও, ২০০২ সালে ছিল রোনালদো-রিভালদো। এখন ব্রাজিল কাকার ওপর ভরসা করে আছে। কিন্তু ও যদি ইনজুরিতে পড়ে, তখন কী হবে?আমি তো কোনো বিকল্প দেখি না। এই দলে আমি এমন কোনো খেলোয়াড় দেখি না যে একটা বিশ্বকাপ ম্যাচ একাই জেতাতে পারে। এই দলটা এখনো এমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি, যাতে বিশ্বকাপে ফেবারিট তকমা পেতে পারে।ব্রাজিল দলে তারকা খেলোয়াড়ও বেশি নেই। দুটি বিশ্বকাপ খেলার সঙ্গে ২০০২ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন রোনালদিনহোর মতো খেলোয়াড়কে দলের বাইরে রাখার মানে হয় না। সে এখনো তরুণ, মাত্র ৩০ বছর বয়স। তার হয়তো কিছু সমস্যা থাকতে পারে, সবারই তো কিছু না কিছু সমস্যা থাকে। কোনো খেলোয়াড় সম্পর্কে যদি কোনো রকম সন্দেহ থাকে, তাহলে দলের দায়িত্বে যারা থাকে তারা এর সমাধান করতে পারে। তাদের শুধু কষ্ট করে খেলোয়াড়টির ভালোমন্দ দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে এবং ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে খেলোয়াড়টিকে সাহায্য করতে হবে। রোনালদিনহো দলে ডাক না পাওয়ায় পুরো বিশ্বই বিস্মিত। তার বিশ্বকাপে থাকা উচিত ছিল।জিতে ভাগ্যবানআমি একটিমাত্র বিশ্বকাপে অংশ নিয়েছি এবং ভাগ্যবান যে সেটিতে আমি জিতেছি। আমাদের এমন এক দল খেলোয়াড় ছিল যাদের মধ্যে সেরা প্রস্তুতি নেওয়ার ইচ্ছে ছিল। বিশ্বকাপ জয়ের জন্য আমরা শারীরিক ফিটনেসের দিকে বিশেষ করে মনোযোগও দিয়েছিলাম। আমরা নির্দিষ্ট এক বা দুজন খেলোয়াড়ের ওপর ভরসা করে থাকিনি।আসলে প্রথমে আমাদের সংঘবদ্ধভাবে প্রস্তুত হতে হয়েছে। এটা যেহেতু সংক্ষিপ্ত একটা প্রতিযোগিতা, তাই আমাদের কমপক্ষে তিন-চারজন খেলোয়াড়কে সেরা ফর্মে থাকতে হবে। নির্দিষ্ট কোনো একজনের ওপর নির্ভর করে থাকা যাবে না। বিশেষ কোনো প্রতিভা দলে থাকতে পারে। এই যেমন ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে যেমন ম্যারাডোনা ছিল, ’৬২-এর ব্রাজিল দলে গারিঞ্চা। রোনালদো এমনটা দেখিয়েছে ২০০২ সালে, তবে সে রিভালদো ও রোনালদিনহোর সাহায্য পেয়েছে। ১৯৬২ সালে পেলে যখন ইনজুরির কবলে পড়ল, ব্রাজিল তুলে আনল আমারিলডোকে। তবে এরই মধ্যে ব্রাজিল পেয়ে গিয়েছিল গারিঞ্চা, দিদি, জাগালো ও নিলটন সান্তোসকে। ম্যারাডোনাও তার পাশে ভালো কিছু খেলোয়াড় পেয়েছিল।আর এখনকার ব্রাজিল দলটি কেবল কাকার ওপর নির্ভরশীল। বাড়তি চিন্তা হচ্ছে, ও ইউরোপে খেলে এবং ইউরোপিয়ানরা ওকে ভালো করেই জানে। তাদের জন্য ওকে পাহারায় রাখা খুব সহজই হবে। তাই ও যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন ব্যবধানটা গড়ে দেবে কে? আর এই ভয়টাই আমি বেশি পাচ্ছি।আমি এমন আশঙ্কা করছি ঠিক, কিন্তু ব্রাজিল বিশ্বকাপে সব সময়ই ফেবারিট। বিশ্বকাপ জয়ে অন্য প্রতিদ্বন্দ্বীদের কথা ভাবলে, আমি এখন আর অমন ভালো জাতীয় দল আর দেখি না। তবে জার্মানিকে তাদের ঐতিহ্যের কথা চিন্তা করেই সমীহ করতে হবে এবং আমি খুব খুশি যে মানুষ এখন ইংল্যান্ডের কথাও বলছে। ওদের ভালো একটি দল আছে এবং আমার মতে ওদের একজন খেলোয়াড় , রুনি এখন বিশ্বসেরা। ইংল্যান্ডের ভাগ্য আসলে বদলাতে শুরু করেছে ফ্যাবিও ক্যাপেলোকে কোচ করার পর থেকেই। সে দলে কিছু ভিন্ন কিছু নিয়ে এসেছে, বলতে পারেন লাতিন মানসিকতা এনে দিয়েছে। এর আগে ইংল্যান্ড দলটি সব সময়ই সিরিয়াস থাকত, কেউ হাসত না। ক্যাপেলোর অধীনে ওদের আচরণ এখন বদলেছে। স্পেন, ইতালি ও আর্জেন্টিনাও ফেবারিটের তালিকায় আছে।এই দলগুলোর কোনো একটিই চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। ভাষান্তর: আবিদুল ইসলাম