ব্রাজিলে এবার কৃষিমন্ত্রীর পদত্যাগ
দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেছেন ব্রাজিলের কৃষিমন্ত্রী ওয়াগনার রোসি। প্রেসিডেন্ট দিলমা রাউসেফ গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে তাঁর চারজন মন্ত্রী পদত্যাগ করলেন।ওয়াগনার রোসি বলেন, ‘গত এক মাস ধরে দুর্নীতির মিথ্যা অভিযোগ বয়ে বেড়াচ্ছি। কোনো প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে দুর্নীতির কলঙ্ক দেওয়া হয়েছে। যথেষ্ট হয়েছে, আর নয়।’ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাঁর বিরুদ্ধে কৃষি কোম্পানিগুলো থেকে ঘুষ গ্রহণ ও বিনা পয়সায় বিমান ভ্রমণের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।ওয়াগনার রোসি ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির সদস্য। এ দলটি কংগ্রেসে প্রেসিডেন্ট দিলমার সবচেয়ে বড় মিত্র। এর আগে প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিম, পরিবহনমন্ত্রী আলফ্রেদো নাসিমেন্তো ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্তোনিও পালোসি পদত্যাগ করেন। বিবিসি।