ব্রাজিলে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে ঐতিহাসিক রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাবেক প্রধান নির্বাহীকে প্রায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এ ছাড়া ক্ষমতাসীন দলের সভাপতিসহ অনেক নেতাকেই কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ রায়ের মাধ্যমে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দুর্নীতি মামলার ইতি টেনেছেন আদালত। বিবিসি বলছে, সুপ্রিম কোর্ট গতকাল সোমবার হোসে দিরসিউ নামের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ১০ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁকে তিন লাখ ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। হোসে দিরসিউ ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত লুলা ডি সিলভার প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিরও একজন শীর্ষ নেতা ছিলেন। গত অক্টোবরে এক তদন্তে দেখা যায়, ৬৬ বছর বয়সী দিরসিউ লুলার প্রথম শাসনামলে ক্ষমতাসীন জোটের অন্যান্য শরিকদের সমর্থন পেতে ওই সব দলকে সরকারি কোষাগার থেকে অবৈধ উপায়ে অর্থ দিয়েছেন। প্রতি মাসে জোটের অন্তর্ভুক্ত দলগুলোকে দেওয়া এ উেকাচকে স্থানীয় ভাষায় ‘মেনসালাও’ নামে অভিহিত করা হচ্ছে। তবে এ দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট লুলার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাননি আদালত।মামলার প্রধান বিচারক জোয়াকিম বারবোসা অভিযুক্ত দিরসিউকে অবৈধ পরিকল্পনার প্রধান হোতা হিসেবে চিহ্নিত করেছেন। বিচারক বলেন, ‘তিনি ব্রাজিল সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি তাঁর পদের অসম্মান করেছেন। নিখুঁতভাবে দুর্নীতি চালানোর সিদ্ধান্তও তিনি নিয়েছেন।’তবে দিরসিউ তাঁর ব্লগে এক বার্তায় জানান, তিনি সুপ্রিম কোর্টের এ ‘অন্যায় দণ্ডাদেশ’ মেনে নেবেন না। তিনি আরও বলেন, এ ধরনের কোনো দুর্নীতির অস্তিত্ব ছিল না। এটা ব্রাজিলের রক্ষণশীল গণমাধ্যমের পক্ষপাতমূলক প্রচারণা মাত্র।গত মাসে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অনেক জ্যেষ্ঠ নেতা সাজা পান। সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে ২৫ জনের বিরুদ্ধেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন আদালত।একই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট হোসে জেনোইনোকে বড় অঙ্কের জরিমানাসহ ছয় বছর ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।ব্রাজিলের শীর্ষ নেতাদের শাস্তি দেওয়ার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, রাজনীতিকরা সাজা এড়িয়ে যেতে পারবেন না।