ব্রাজিলে পর্যটক জিম্মি, নিরাপত্তারক্ষীদের অভিযানে নিহত ১
ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হোটেলে পর্যটক জিম্মির জের ধরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জিম্মিকারীদের বন্দুকযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। খবর বিবিসি অনলাইনের।পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী প্রায় ৩০ জনের একটি দল রিও ডি জেনিরোর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী রাস্তায় প্রথমে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এর পরই তারা হোটেলে অবস্থানকারী পর্যটকদের জিম্মি করে। পুলিশ জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে হোটেলে প্রবেশ করলে জিম্মিকারীদের সঙ্গে তাদের আবারও বন্দুকযুদ্ধ হয়। সেই বন্দুকযুদ্ধে এক নারী নিহত এবং সাতজন আহত হন। পুলিশ হোটেল থেকে নয়জন জিম্মিকারীকে আটক করেছে।এদিকে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমি কখনো একসঙ্গে এত সন্ত্রাসীকে দেখিনি। এরা সবাই ইউনিফর্ম পরিহিত ছিল এবং ফাঁকা গুলি চালাচ্ছিল। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।’স্থানীয় টেলিভিশন জানিয়েছে, ব্রাজিলের মিলিটারি পুলিশের একটি বিশেষায়িত বাহিনী ওই হোটেলে প্রবেশ করে প্রায় ৪০০ জন জিম্মি ব্যক্তিকে নিরাপদে হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেয়। জিম্মিকারীরা আত্মসমর্পণ করে জিম্মিদের মুক্তি দেওয়ার পর নাটকীয় এ ঘটনার অবসান হয়।