ব্রাজিলে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪
টানা বর্ষণে সৃষ্ট বন্যায় উত্তর-পূর্ব ব্রাজিলে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ উদ্ধার তত্পরতা জোরদার করেছে। বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকজনদের জন্য খাবার ও পানি সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া নিখোঁজ লোকজনদের উদ্ধারের জন্য তাঁরা জোর তত্পরতা চালিয়ে যাচ্ছেন। এ বন্যায় দেশটির বেশ কয়েকটি শহর ধ্বংস হয়েছে।ব্রাজিলের জরুরি অবস্থা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, কয়েক দিনের ভারী বর্ষণে দেশটির আলাগোয়াস ও পারনাম্বুকোতে বেশ কয়েকটি নদীর তীর ধসে ও বাঁধ ভেঙে পাশের শহরগুলো প্লাবিত হয়। এতে অন্তত ৪০ হাজার লোক গৃহহীন হয়েছে। দেশটির সেনাবাহিনী, উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে বন্যায় আটকে পড়া লোকজনের মধ্যে কেন্দ্রীয় সরকারের পাঠানো কয়েক হাজার বাক্স খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বণ্টন করেছেন। বন্যায় রেললাইন ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।আলগোয়াস অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্যে এ পর্যন্ত ৬০০ লোক নিখোঁজ রয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত আলাগোয়াস অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিও লারগো শহরে বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। লিও লারগোর অধিবাসী নেলসন রডরিগুয়েজ ডি ফ্রাঙ্কা বলেন, খুব জোরে বন্যার পানি প্রবেশ করে শহরের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়। শহরটি বর্তমানে ধ্বংসের কাছাকাছি।আরেক অধিবাসী অ্যান্টোনিও ডা সিলভা জানান, তিনি খুব ভাগ্যবান যে তাঁর বাড়ি পুরোপুরি ধ্বংস হওয়ার পরও তিনি বেঁচে আছেন।ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা গত মঙ্গলবার এক জরুরি বৈঠক করে ওই দুটি অঙ্গরাজ্যে বণ্টনের জন্য পাঁচ কোটি ৬০ লাখ ডলার নগদ অর্থ ও ২০ হাজার বাক্স খাবার প্রদানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় কয়েক হাজার গৃহহীন পরিবারকে তোশক ও কম্বল প্রদানেরও ঘোষণা দেন তিনি।গত চার দিনে উত্তর-পূর্ব ব্রাজিলে ৪০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভবিষ্যতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং এর ফলে আরও ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে।