ব্রাজিলে ভূমিধসে ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরো এলাকার উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছে।আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, রিও ডি জেনিরো থেকে ৪০ মাইল উত্তরে পেট্রোপলিস শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে যাওয়ায় শহরে বন্যা দেখা দেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু ও দুজন জরুরি নিরাপত্তাকর্মী রয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা হুসেফ বলেন, এই বন্যার ব্যাপারে জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছিল। যাঁরা সতর্কবার্তা উপেক্ষা করেও ওই এলাকায় ছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ব্রাজিলিয়ান ন্যাশনাল ফোর্সের একটি দল দুর্গতদের সহায়তা করতে কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, কিছু স্থানে ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এতে প্রায় ৫০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।পেট্রোপলিস শহরে বর্তমানে সতর্কতা জারি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনগণকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেওয়া হয়েছে।