ব্রাজিলে শেভরনের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ
ব্রাজিলের রিও ডি জেনিরোর উপকূলে তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মার্কিন তেল প্রতিষ্ঠান শেভরনের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। গতকাল বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে। এর আগে একই কারণে শেভরনকে দুই কোটি ৮০ লাখ ডলার জরিমানা করার ঘোষণা দেয় ব্রাজিলের সরকার। শেভরন এ দুর্ঘটনার দায়ভার স্বীকার করেছে।গতকাল বুধবার শেভরনের ব্রাজিলপ্রধান জর্জ বুক দেশটির কংগ্রেসের সামনে হাজির হন। তিনি প্রকাশ্যে এ দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এর পরপরই ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সি শেভরনের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। পেট্রোলিয়াম এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় শেভরনের অবহেলার প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তেলের পাইপলাইন বিস্ফোরণের ফলে রিও ডি জেনিরোর উপকূলে প্রায় দুই হাজার ৪০০ ব্যারেল তেলের নিঃসরণ হয়েছে।ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সি জানিয়েছে, তেলের পাইপলাইন বিস্ফোরণের কারণ ব্যাখ্যা এবং ওই এলাকার নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শেভরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে।দুর্ঘটনার পর শেভরনের ব্রাজিলপ্রধান জর্জ বুক বলেছেন, তেল অনুসন্ধানের সময় পানির নিচে মজুদ করা তেলের চাপ তাঁরা বুঝতে পারেননি। তিনি আরও জানিয়েছেন, তেলের লাইনের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তেল নিঃসরণও বন্ধ হয়েছে।এদিকে ব্রাজিলের পরিবেশমন্ত্রী ইসাবেলা টিক্সিরা জানিয়েছেন, তদন্তে আরও ক্ষয়ক্ষতি বেরিয়ে এলে শেভরনকে আরও জরিমানা করা হবে।