ব্রাজিলের গাউচো গল্প
কারণ কি শুধুই কার্লোস দুঙ্গা? নিজেদের ফুটবল সংস্কৃতি থেকে ব্রাজিল দলের দূরে সরে যাওয়ার পেছনে আছে অন্য কারণওপিপাসা, সুন্দর ফুটবলের পিপাসা! সুন্দর ফুটবল চাইতে চাইতে কণ্ঠ শুকিয়ে কাঠ। সুন্দর ফুটবল দেখার আশায় তাকিয়ে থাকতে থাকতে দুচোখ শুকনো। কিন্তু সুন্দর ফুটবল আর দেখা দেয় না। এ যেন বিলুপ্ত ডাইনোসর। শত চাইলেও আর দেখা মিলবে না! একজন মহান পেলে, একজন চিরঞ্জীব অধিনায়ক কার্লোস আলবার্তো, একজন সুন্দরের পূজারি সক্রেটিস, আর লক্ষ-কোটি ফুটবল অনুরাগী; সবাই মিলে দীর্ঘশ্বাস ফেলেন—ব্রাজিল আর নেই সেই ব্রাজিল!একদম ঠিক কথা। ব্রাজিল আর সেই ব্রাজিল নেই। সত্তরের বিশ্বকাপের সেই জোগা বনিতো (সুন্দর ফুটবল) কিংবা বিরাশি আর ছিয়াশির সেই সাম্বার ছন্দ এখন আর নেই। ব্রাজিলের ফুটবলে এই উপমা আর শব্দগুলো এখন বিলুপ্ত। ইউরোপের পাওয়ার ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্য ভুলে ব্রাজিলও এখন ইউরোপিয়ান ঘরানার ফুটবল খেলে। সুন্দর ফুটবলের আঁতুড়ঘরেই সুন্দর ফুটবল এখন ব্রাত্য। এ যেন প্রাগৈতিহাসিক কোনো শব্দযুগল। কিন্তু অবুঝ পেলে-সক্রেটিসরা এটা বুঝতে চান না! তাঁরা চান সুন্দর ফুটবল দেখতে। তাই সুন্দর ফুটবল-সুন্দর ফুটবল করে তারস্বরে চেঁচিয়ে যান পেলে-সক্রেটিস আর ফুটবল রোমান্টিকরা! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গলাটা একটু বেশিই ফেটেছে তাঁদের। কারণ, এই বিশ্বকাপেই যে ব্রাজিল দল থেকে সুন্দর ফুটবল চূড়ান্ত রকম বিদায় নিয়েছে! দক্ষিণ আফ্রিকায় কার্লোস দুঙ্গার ব্রাজিল না দিতে পেরেছে সুন্দর ফুটবল, না দিতে পেরেছে শিরোপা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ব্রাজিলের ফুটবলে বিরাট একটা ক্ষতই এঁকে দিয়েছে। সেই ক্ষত আরও অন্তত চারটি বছর বয়ে বেড়াবে ব্রাজিল। তবে নিজের দেশের বিশ্বকাপ জিতে ক্ষতটা যাতে শুকোনো যায়, সেই লক্ষ্যে পথচলা শুরু হয়ে গেছে ব্রাজিলের। দুঙ্গাকে সরিয়ে ব্রাজিলের ভবিষ্যৎ মানো মেনেজেসের হাতে তুলে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বলাবলি হচ্ছে, মেনেজেস নাকি পেলে-সক্রেটিসদের তৃষ্ণাও মেটাতে পারবেন। ব্রাজিলের পায়ে ফিরিয়ে আনতে পারবেন সুন্দর ফুটবল।মেনেজেস অর্কেস্ট্রায় প্রথম যে সুরটি তুললেন তাতেও সেই ইঙ্গিত দেখতে পাচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়ে যাওয়া ১০ আগস্টের প্রীতি ম্যাচের ২৪ জনের দলে তিনি অর্ধেক খেলোয়াড়ই নিয়েছেন ব্রাজিলের ক্লাব থেকে। দুঙ্গার দলে ব্রাত্য নেইমার ও গানসোদের দলে রেখে মেনেজেস আভাস দিয়েছেন শারীরিক সক্ষমতার চেয়ে নৈপুণ্যেরই মূল্য বেশি তাঁর কাছে। মেনেজেসের দলে ইউরোপিয়ান লিগে খেলা খেলোড়ারদের সংখ্যাল্পতাকেও ইতিবাচক ধরে নিচ্ছেন অনেকে। কারণ অনেকেই মনে করেন, ব্রাজিলের ফুটবলে ইউরোপিয়ান ঘরানার অনুপ্রবেশের বাহক ইউরোপের লিগে খেলা খেলোয়াড়েরাই।ধারণাটা আংশিক সত্য। আটলান্টিকের ওপারের ফুটবল ঘরানা ব্রাজিলে অনুপ্রবেশের একটা ছোট্ট কারণ এটা। বড় ভূতটা যে আছে সর্ষের ভেতরেই। ইউরোপিয়ান ঘরানার যে ‘জীবাণু’ ব্রাজিলের ফুটবলকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সেই জীবাণুর অবস্থান কিন্তু ব্রাজিলের ভেতরেই। এই জীবাণু বা ভূতের খোঁজে ব্রাজিলের ফুটবল ইতিহাসটা একটু ঘেঁটে দেখতে হবে।ব্রাজিলিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ১৯৭১ সালে। সবাই ধরে নিয়েছিল, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শাসন করবে রিও ডি জেনিরো আর সাও পাওলো থেকে আসা ক্লাবগুলো। কারণ, ১৯৭০ পর্যন্ত ব্রাজিল যে তিনটি বিশ্বকাপ জিতেছে, সেই দলগুলোর প্রায় সব খেলোয়াড়ই ছিল এই দুটি অঞ্চলের।কিন্তু চ্যাম্পিয়নশিপের গল্পটা হয়ে গেল অন্য রকম। ব্রাজিলের সর্বোচ্চ ফুটবল লিগের প্রথম দশকটা হয়ে গেল রিও গ্রান্দে দো সুলের রাজধানী পোর্তো অ্যালেগ্রের ক্লাব ইন্টারন্যাসিওনালের। ১০ বছরে একবারই মাত্র সেরা পাঁচের বাইরে ছিল তারা। ১৯৭৫ ও ’৭৬ সালে চ্যাম্পিয়নশিপের মুকুট উঠেছে ন্যাসিনওনালের মাথায়। ১৯৭৯ সালে তারা অপরাজিত চ্যাম্পিয়ন।ব্রাজিলের ফুটবলকে ভূতে ধরল এই থেকেই। রিও বা সাও পাওলোর মতো পোর্তো আলেগ্রে নয়, ব্রাজিলের এই অঞ্চলটি ইউরোপিয়ান অধ্যুষিত। জার্মানি আর ইতালির অভিবাসীদের বাস এখানে। পোর্তো আলেগ্রের ফুটবলে এসব ইউরোপীয় অভিবাসীরা তাদের পায়ের ছাপ রেখেছে ভালোভাবেই। ইন্টারন্যাসিওনালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল গ্রেমিও। জার্মান ও ইতালিয়ানরা এই ক্লাবটিতে ছিল নিষিদ্ধ। কিন্তু ইন্টারন্যাসিওনালের সদর দরজা জার্মান, ইতালিয়ান, ফরাসি আর স্প্যানিশদের জন্য ছিল খোলা। আর সেই সদর দরজা দিয়ে ইন্টারন্যাসিওনালে, এর পর পোর্তো আলেগ্রে এবং সর্বোপরি ব্রাজিলের ফুটবলে অনায়াসে ঢুকে পড়ে ইউরোপিয়ান ঘরানা।লড়াকু বা সংগ্রামী মনোভাবের জন্য পোর্তো আলেগ্রের মানুষদের ডাকা হয় গাউচো। পোর্তো আলেগ্রের ফুটবলেও এই বিষয়টি বিরাজমান বলে এ অঞ্চলের ফুটবলকে বলা হয় গাউচো-ফুটবল। ইউরোপিয়ান ঘরানার শরীরনির্ভর ফুটবলের মঞ্চটা ব্রাজিলে আসলে ইন্টারন্যাসিওনালই গড়ে দিয়েছে। সত্তরের দশকে তারা ওই ধাঁচের ফুটবল খেলে দেখিয়েছে, এভাবে সাফল্য পাওয়া যায়।১৯৭৫ ও ’৭৬ সালে ইন্টারন্যাসিওনালকে শিরোপা জেতানো কোচ রুবেন মিনেল্লির দলে সুযোগ পাওয়ার বড় শর্ত ছিল, উচ্চতা হতে হবে কমপক্ষে ছয় ফুট। মিনেল্লি এভাবে শিরোপা জিতেছেন এবং সফল মানুষদের সবাই অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। ব্রাজিলের জাতীয় চ্যাম্পিয়নশিপের ৪০ বছর পেরিয়ে গেছে। আর এত দিনে গাউচো সংস্কৃতিটাও শেকড় গেড়ে বসেছে ব্রাজিলের ফুটবলে। এখন তো ব্রাজিলের শীর্ষ কোচদের অনেকেই রিও গ্রান্দে দো সুল থেকে আসা। এমনকি ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো লুই ফেলিপে স্কলারিও এই গাউচো সংস্কৃতির কোচ।ব্রাজিলের নতুন কোচ মেনেজেসও এর ব্যতিক্রম নন। তাঁর পিঠেও সাঁটা আছে গাউচো তকমা। তবে আশার বিষয়, গাউচো মেনেজেস কথা দিয়েছেন, ব্রাজিলকে সোনালি দিন ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেবেন জোগা বনিতো, ফিরিয়ে দেবেন সাম্বার ছন্দ।মেনেজেস কি পারবেন? পারবেন তিনি গাউচো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এই অসাধ্য (!) সাধন করতে? তাঁর ঘোষিত প্রথম দলে যেমন আভাস আছে তিনি পারবেন, তেমনই আভাস আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা ২-০ গোলের ম্যাচটিতে ব্রাজিলের খেলায়ও। হয়তো তিনি পারবেন, হয়তো পেলে-সক্রেটিসদের গলা ফাটানোটা সার্থক হবে। যদি তাই হয়, ২০১৪ বিশ্বকাপে ১৯৭০ কিংবা ১৯৮২ অথবা ১৯৮৬ বিশ্বকাপের ব্রাজিলকে দেখার প্রতীক্ষার শুরু সবাই করতেই পারে। বিদেশি পত্রিকা অবলম্বনে আবিদুল ইসলাম