ব্রাজিলের প্রস্তুতিতে অসন্তুষ্ট ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের প্রস্তুতি সন্তোষজনক নয় বলে ক্ষুব্ধ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের প্রস্তুত করতে ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি না ব্রাজিলের প্রতি এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ফিফার মহাসচিব জোরোম ভাল্কি।আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতি সরেজমিনে প্রত্যক্ষ করতে সেখানে অবস্থান করছেন ভাল্কি। সেখানেই গতকাল ব্রাজিলের সংবাদকর্মীদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফিফা মহাসচিব বলেন, ‘ব্রাজিল যেভাবে কচ্ছপ গতিতে চলছে, তা এক কথায় অবিশ্বাস্য। আমি সেখানকার সব স্টেডিয়ামের কথা বলছি। ব্রাজিলকে অনেক সময় দেওয়া হয়েছে। দেশটি সঠিক পথে নেই।’তাড়াহুড়া করে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি শেষ হোক, এটা ফিফা চায় না জানিয়ে রয়টার্সকে ভাল্কি বলেন, ‘শুধু চিঠি দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। ব্রাজিল এ পর্যন্ত যা প্রস্তুতি নিয়েছে, তা প্রত্যাশার তুলনায় নগণ্য।’১৯৫০ সালে সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। ফিফার রোটেশন পদ্ধতি অনুসারে দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে তারা। ব্রাজিলের ১২টি শহরে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অবশ্য শুরু থেকেই বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দেশটির যোগাযোগ ব্যবস্থা নিয়ে সমালোচনা মুখর অনেকেই। ভাল্কি বলেন, ‘অনেক বছর পর বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। অথচ তারা এখন কেবল কাজ শুরু করছে। শুধু নিজেদের জন্য নয়, দক্ষিণ আমেরিকার স্বার্থেই ব্রাজিলকে প্রস্তুত হতে হবে।