ব্রাজিলের ফুটবলে যুগবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল দলে ফিরেছেন রোনালদিনহো। ব্রাজিলও কি ফিরল সুন্দর ফুটবলে? লিখেছেন আবিদুল ইসলামসবুজ চত্বরে হলুদের সেই আলপনা হারাল কোথায়? সাম্বার ছন্দে ‘সুন্দর ফুটবলের’ জয়গান কোথায় গেল? ব্রাজিলের ফুটবলের পুরোনো দিনের কথা মনে করে হাপিত্যেশ করছে ফুটবল রোমান্টিকেরা।ব্রাজিলের ফুটবল নিয়ে ‘জাত গেল, জাত গেল’ রবটা বেশি শুরু হয়েছে ২০০৬ বিশ্বকাপের পর। ষষ্ঠ শিরোপার হাতছানি নিয়ে সেবার জার্মানিতে গিয়েছিল ব্রাজিল। অনেক আশার সেই বিশ্বকাপ ব্রাজিলকে ফেরাল শূন্য হাতে। বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল খেলে পুরো বিশ্বকে মোহিত করা রোনালদিনহো গিয়েছিলেন সর্বকালের সেরাদের পাশে বসতে। ভাগ্যের পরিহাসে সেই রোনালদিনহো ফিরেছেন ভিখারি হয়ে। রোনালদিনহো যাঁর পাশে বসতে চেয়েছিলেন, সেই পেলেই প্রথম সবুজ ঘাসে এঁকেছিলেন হলুদ আলপনা। ১৯৫৮ বিশ্বকাপে গারিঞ্চা, ডিডিকে নিয়ে বিশ্বকে শুনিয়েছিলেন সুন্দর ফুটবলের গান। ১৯৬২ বিশ্বকাপেও পেলে-গারিঞ্চা জুটিই সাম্বার ছন্দে মাতিয়েছিলেন বিশ্বকে। এরপর এসেছে ১৯৭০ বিশ্বকাপ। আবার সেই পেলে। আবার সেই সুন্দর ফুটবল, সেই সাম্বার ছন্দ। পেলে-গারিঞ্চা যুগ শেষ হলো। ব্রাজিলের ফুটবলে এল জিকো-সক্রেটিস যুগ। ১৯৮২ বিশ্বকাপে এই জুটিকে ঘিরেই ব্রাজিল স্বপ্ন দেখছিল। বিশ্বকাপ না জেতাতে পারলেও সুন্দর ফুটবল উপহার দিয়েছিল জিকো-সক্রেটিসের ব্রাজিল। ১৯৯৪ সালে কার্লোস দুঙ্গা অধিনায়কের আর্মব্যান্ড হাতে ব্রাজিলকে জেতান চতুর্থ বিশ্বকাপ। কিন্তু সেই সাম্বার ছন্দ বা সুন্দর ফুটবল উপহার দিতে পারেননি। ফলকেন্দ্রিক ফুটবল খেলে সৌন্দর্যপিয়াসীদের মন ভরাতে পারেনি দুঙ্গার দল। সুন্দর ফুটবলের সেই পিপাসা ২০০২-এ কিছুটা মেটান তিন ‘আর’—রোনালদো, রিভালদো আর রোনালদিনহো। রক্ষণাত্মক ফুটবলের সঙ্গে আক্রমণাত্মক ফুটবলের সমন্বয় গড়ে ব্রাজিলকে তাঁরা জেতান পঞ্চম বিশ্বকাপ। পরের বিশ্বকাপে রোনালদো ছিলেন, ছিলেন রোনালদিনহো। ২০০২-এর কাফু-কার্লোসরাও গিয়েছিলেন জার্মানিতে। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ কা-কা (কাফু-কার্লোস) জুটি ম্লান হয়ে থাকল ২০০৬ বিশ্বকাপে। রোনালদো নুয়ে পড়ছিলেন শরীরের ভারে আর রোনালদিনহো হয়তো প্রত্যাশার চাপে। চার বছর আগের বীরের দল ফেরে ব্যর্থ সৈনিকের বেশে। এরপরই ব্রাজিলে শুরু হয় ‘শুদ্ধিকরণ মিশন। ‘জেনারেল’ দুঙ্গার অধীনে শুরু হয় ভাঙাগড়ার খেলা। পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে প্রাধান্য পায় শৃঙ্খলা। কথিত সেই শৃঙ্খলা আনতে গিয়ে দুঙ্গা দল থেকে বিতাড়িত করেন কাফু-কার্লোস-রোনালদিনহোদের। কিন্তু ফল কি পায় সুন্দর ফুটবলের পূজারি ব্রাজিল? আরেকটা ব্যর্থ বিশ্বকাপ মিশন। আবার সিদ্ধান্ত বদলায় ব্রাজিল। দুঙ্গাকে বিদায় করে মানো মেনেজেসের হাতে তুলে দেয় দলের দায়িত্ব। মেনেজেসকে বলা হয়, ফিরিয়ে আনো সেই সুন্দর ফুটবল, যেটি ব্রাজিলের আসল ব্র্যান্ড! আরেকটা ভাঙাগড়া শুরু করেন মেনেজেস। আবার কিছু খেলোয়াড় বলি-কাষ্ঠে। এবার সবচেয়ে নামকরা বলি কাকা। এসি মিলানে ফুল হয়ে ফোটা কাকা ব্রাজিল দলে সুবাস ছড়ানোর আগেই ঝরে পড়লেন। রোনালদিনহো তবু কিছু সুবাস ছড়িয়েছেন, কিন্তু কাকা পেলেন না সেই সুযোগটুকুও। নেইমার-গানসো-পাতো—নতুন কুঁড়িতে বাগান সাজানোর সিদ্ধান্ত নিলেন বিখ্যাত হলুদ বাগানের মালী মেনেজেস। বাগান সাজল, আশাও জাগল। কিন্তু সেই আশায় সমাধি হয়ে গেল কোপা আমেরিকায়। ময়নাতদন্তে ধরা পড়ল, কুঁড়ির ফুল হয়ে ফুটে উঠতে এখনো কিছু সময় চাই। তাহলে উপায়? আগামী বিশ্বকাপে দেশের মাটিতে ব্রাজিল কী উপহার দেবে ফুটবল বিশ্বকে? সুন্দর ফুটবল? কথিত সেই সুন্দর ফুটবলের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে না ব্রাজিল দলে। এ কারণেই বুঝি ২০০২ বিশ্বকাপের পর ব্রাজিলের খেলা হলে মাঠে আর সাম্বার দলও ছুটে যায় না। সাম্বা নাচতে ছন্দ লাগবে না! সেই ছন্দ কোথায় ব্রাজিলের খেলায়? একজন পেলে, একজন রোনালদো, একজন রোমারিওর বড় অভাব এখনকার ব্রাজিল দলে। এঁদের মতো কেউ না হলে একজন রোনালদিনহো অথবা কাকা তো চাই-ই-চাই। তা কি করে সম্ভব? যখন সর্বোচ্চ দ্যুতি ছড়াবেন বলে ভাবা হলো, ঠিক সেই সময়টাতেই রোনালদিনহোর ফুটবলে পড়ল মালিন্যের দাগ। আর কি পাওয়া যাবে দ্যুতিময় সেই রোনালদিনহোকে? শরীরে বয়সের ভার, ঘাটতি পড়েছে গতিতে। কাকার বয়সটা এখনো বেশি নয়, তবে চোটের আঘাতে জর্জরিত ব্রাজিলের আক্রমণভাগের সর্বশেষ এই নেতাও। তাহলে কি ‘সুন্দর ফুটবল’ ফুটবল রূপকথারই অংশ হয়ে যাবে? হয়ে যাবে ডাইনোসরের মতো বিলুপ্ত কিছু! এ প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্মের ফুটবল রোমান্টিকেরা শুধু গল্পই শুনবে—এক সময় সুন্দর ফুটবল ছিল, ব্রাজিল খেলত সেই সুন্দর ফুটবল!একটা আনন্দ সংবাদ অবশ্য আছে ফুটবলপিপাসুদের জন্য। রোনালদিনহো যেন জেগে উঠছেন, প্রদীপ যেমন করে শেষ সলতেটুকু নিয়ে ঔজ্জ্বল্য ছড়ায়। বার্সেলোনায় অপাঙেক্তয় হয়ে পড়া রোনালদিনহো গিয়েছিলেন এসি মিলানে। সেখানেও ব্রাত্য হয়ে ফেরেন দেশের টানে ফ্ল্যামেঙ্গোতে। স্বদেশে ফিরেই যেন স্বরূপে ফিরতে শুরু করেছেন ব্রাজিলিয়ান জাদুকর। তাঁর সেই আলো ঠিকরে পড়েছে মেনেজেসের চোখেও। মেনেজেস তাই ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নিয়েছেন রোনালদিনহোকে। সুন্দর ফুটবলে ফিরতে আবার সেই রোনালদিনহোয় ভর ব্রাজিলের।