ব্রাজিলের হাহাকার
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবু অলিম্পিক ফুটবল মানেই ব্রাজিলের কাছে আক্ষেপের আরেক নাম। লিখেছেন খলিলুর রহমানএকেকটি অলিম্পিক আসে আর ফুটবলে ব্রাজিলের সোনা জিততে না পারার আজন্ম হাহাকারটা দলা পাকিয়ে ওঠে। এবারও ব্যতিক্রম নয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাথায় উঠেছে আটবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট। এখনো তাদের সাম্বার ছন্দে বিমোহিত বিশ্ব। ফুটবলের দেশ বললে মানুষ প্রথমে ব্রাজিলকেই বোঝে! সেই ব্রাজিলই কিনা অলিম্পিক ফুটবলে সোনা জিততে পারেনি একবারও।এমন নয় যে, ঠিক জাতীয় দলের টুর্নামেন্ট নয় বলে ব্রাজিলিয়ানরা অলিম্পিক ফুটবলকে চিরদিন গুরুত্ব কমই দিয়ে এসেছে। অলিম্পিক মূলত অনূর্ধ্ব-২৩ বছর বয়সী খেলোয়াড়দের টুর্নামেন্ট। প্রতিটি দলে ২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলোয়াড় সুযোগ পান। তরুণদের মধ্যে অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে সোনার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে সেভাবেই দল সাজায় টুর্নামেন্টে সুযোগ পাওয়া দলগুলো। অলিম্পিকের সোনাজয়ী তালিকায় একটি বারের জন্য নাম লেখাতে সেই চেষ্টাটাই করে যাচ্ছে ব্রাজিলও।চার বছর আগে বেইজিং অলিম্পিকেই যেমন তখনকার কোচ কার্লোস দুঙ্গা রেসের ঘোড়া হিসেবে নিয়ে এসেছিলেন রোনালদিনহোকে। কিন্তু দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারও দেশবাসীকে সোনা জেতাতে ব্যর্থ হয়েছেন। সেমিফাইনালে চিরশত্রু আর্জেন্টিনার কাছে হেরে দুঙ্গার দল শেষ পর্যন্ত ঘরে ফেরে ব্রোঞ্জ পদক নিয়ে। ব্রাজিল ব্রোঞ্জ জিতেছে ১৯৯৬ আটলান্টা অলিম্পিকেও। তারও আগে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস ও ১৯৮৮ সিউল অলিম্পিকে আফসোসটা ছিল আরও বড়। দুবারই হেরেছে ফাইনালে।এই চির আক্ষেপ মুছে দিতে ঢাকঢোল পিটিয়েই এবার লন্ডনে এসেছে মানো মেনেজেসের দল। প্রস্তুতিও ভালো। অন্য দেশগুলো যখন ইউরো আর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে ব্যস্ত থেকেছে, ব্রাজিল সেরেছে অলিম্পিক প্রস্তুতি। এবার ব্রাজিলিয়ানদের আশাটা তাই বড়। আর সেই আশা পূরণের পথে তাদের বড় ভরসার নাম নেইমার। নেইমার পারবেন রোমারিও-রোনালদো-রোনালদিনহোরা যা পারেননি, দেশবাসীকে আজন্ম-আরাধ্য অলিম্পিক সোনা এনে দিতে?দেশের মানুষের প্রত্যাশাটাকে রাঙিয়ে দিয়েছেন নেইমার। ‘লন্ডন থেকে সোনার পদক নিয়েই ফিরতে চাই আমি’ ঘোষণার মতো করেই বলেছেন সান্তোসের ২০ বছর বয়সী তারকা। ঘোষণার সুরে না হলেও কোচ মেনেজেসও শুনিয়েছেন আশার গান, লন্ডনের মিশনটা তাঁদের পদক জয়েরই। কী সেই পদক? মেনেজেস জানেন, রুপা-ব্রোঞ্জে ব্রাজিলিয়ানদের তুষ্ট করা যাবে না।দলটার আসলেই সোনা জয়ের সামর্থ্য আছে। নেইমার, পাতো, গানসো, অস্কার, রোমালো, লুকাস, দানিলো, সান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো, হুয়ান জেসাস—একঝাঁক তরুণ তুর্কি তো আছেনই। এঁদের সঙ্গে অভিজ্ঞতা মেশাতে মেনেজেস দলে রেখেছেন সদ্যই এসি মিলান থেকে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লেখানো ডিফেন্ডার থিয়াগো সিলভা, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো এবং এফসি পোর্তোর স্ট্রাইকার হালককে। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড।তার পরও কথা থেকে যায়। সংশয়টা জাগিয়ে দেয় আসলে অলিম্পিক ফুটবলের ইতিহাসই। অন্য সব টুর্নামেন্টই যেখানে পরাশক্তিদের মালা পরায়, সেখানে অলিম্পিক ফুটবল যেন উল্টো রথে। ১৯০৮ লন্ডন অলিম্পিক থেকেই অলিম্পিক ফুটবলের আনুষ্ঠানিক যাত্রা। সেই থেকে এ অবধি অলিম্পিক ফুটবল ইউরোপ তথা পূর্ব ইউরোপের দেশগুলোকেই সোনার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে বেশি। পূর্ব জার্মানি একবার সোনা জিতলেও সমান তিনবার করে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন জার্মানি (পশ্চিম জার্মানির উত্তরাধিকার) এখনো অলিম্পিক জিততে পারেনি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি জিতেছে মাত্র একবার, সেটাও সেই ১৯৩৬ সালে। ফ্রান্স জিতেছ একবার, হল্যান্ড এখানেও ব্যর্থ।২০০৪ এথেন্স অলিম্পিকের আগ পর্যন্ত আর্জেন্টিনারও সোনার হাহাকার ছিল। তবে ডিয়েগো ম্যারাডোনার দেশ এথেন্সে চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে ২০০৮ বেইজিং অলিম্পিকেও। কিন্তু হায়! সর্বশেষ দুই আসরেরই সোনাজয়ী আর্জেন্টিনা এবার লন্ডনের ছাড়পত্রই পায়নি। লন্ডনে নেই তার আগের দুই আসরের চ্যাম্পিয়ন ক্যামেরুন এবং নাইজেরিয়াও। বাছাইপর্বের বেড়া ডিঙিয়ে লন্ডনের টিকিট কাটতে পারেনি জার্মানি, ফ্রান্স, ইতালি, হল্যান্ডও। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ও সদ্য ইউরোজয়ী স্পেন আছে, যারা সোনা জিতেছে নিজেদের মাটির ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে।ফেবারিট হিসেবে তাই ব্রাজিল, স্পেন, ব্রিটেনের নামই বেশি উচ্চারিত হচ্ছে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির সমন্বয়ে উরুগুয়েও হিসাবে আছে। ব্রিটিশরা নিজেদের ঢোল পেটাচ্ছে নিজেরাই। যদিও স্টুয়ার্ট পিয়ার্স ঘরের মাঠের অলিম্পিকের মর্যাদা রাখতে শক্তিশালী দলই গড়েছেন। নাইজেরিয়া, ক্যামেরুনের ধারাবাহিকতায় আফ্রিকার কোনো দেশও অঘটন ঘটিয়ে ফেললে বিস্ময়ের কিছু থাকবে না। গুনতে হবে মেক্সিকোকেও। এশিয়ার তিন প্রতিনিধি জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত কি শুধু অংশ নেওয়ার তৃপ্তিতেই তুষ্ট থাকবে? অপেক্ষার প্রহর খুব লম্বা নয়। আজ লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ফুটবল মাঠে গড়িয়েছে কাল থেকেই। আর ১১ আগস্টই আপনি জেনে যাবেন সোনা উঠেছে কার হাতে। হাহাকার ঘুচেছে কি না ব্রাজিলের!