ব্রাডলি ম্যানিংয়ের বিচার সামরিক আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে তথ্য ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ব্রাডলি ম্যানিংকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। শাস্তি হিসেবে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গতকাল শুক্রবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সিএনএন অনলাইন এ খবর প্রকাশ করেছে। ২৪ বছর বয়সী ম্যানিং ইরাকে মার্কিন সেনাবাহিনীর একজন গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করতেন। উইকিলিকসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১০ সালের মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে শুনানির জন্য তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাঁকে সামরিক বিচারের সম্মুখীন করার জন্য সুপারিশ করা হয়। তবে বিচারের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বিচারকাজের জন্য একজন সামরিক বিচারক নিয়োগ করবে মার্কিন সামরিক বাহিনী। তিনি পরবর্তী শুনানি ও বিচারের জন্য দিনক্ষণ নির্ধারণ করবেন। বিবিসি ও সিএনএন।