আজকের এ লেখাটি নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। লেখাটি জমা দিতে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হওয়ার ঘণ্টা পাঁচেক আগে। প্রথম আলোর আলো ঝলমলে বিশ্বকাপ আয়োজনে ব্রাত্যজনের জন্য এ রকমই সম্পাদকীয় আয়োজন। সংগত কারণেই তাই সাকিবেরা শুক্রবার দিনটা কীভাবে সামলেছেন, সে ব্যাপারে শব্দ চয়ন সম্ভব নয়। অনুমাননির্ভর কিছু লেখাটাও হবে চরম বোকামি। আঙিনায় সং সাজার ইচ্ছে নেই। কিন্তু কিছু একটা লিখতে তো হবেই। যখন এ নিয়ে কী করি, কী করি করছি, তখনই সামনে এসে দাঁড়ালেন মাইক আথারটনের সামনে ম্যাচ শেষে এসে দাঁড়ানো পেলব মেহেদির রং মাখা চুলে ওই আইরিশ ভদ্রলোক। অবশ্য এতক্ষণে কেভিন ও’ব্রায়েন বন্দনায় প্রায় ক্লান্ত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। কিন্তু তাতে কী। সেই কবে স্যার ডন ব্র্যাডম্যান টেস্টের এক দিনে ট্রিপল সেঞ্চুরি করেছেন, কত দিন হলো কপিল দেব জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাস বদলানো ১৭৫ রানের ইনিংসটি খেলেছিলেন, সেসব নিয়ে এখনো আমরা উল্লসিত হই না। ক্ষতি কী কেভিনকে দর্শনানন্দের কৃতজ্ঞতায় তিন দিনের বিলম্বে দুই-চার ছত্র নিবেদন করলে। ইংল্যান্ডকে অসম্ভবের গলায় ফাঁস পরিয়ে পরাস্ত করা কেভিনের বেঙ্গালুরুর ইনিংসটি হয়ে থাকবে অনিশ্চিত ক্রিকেটের চিরকালীন নিশ্চিত সম্পদ।অ্যান্ড্রু স্ট্রাউসের দলের বিপক্ষে আইরিশদের জাত্যাভিমানদীপ্ত জয়টি কেভিনের ওই দিনের দানবীয় শৈল্পিক ব্যাটখানাকে ক্রিকেটের চিরকালের জাদুঘরে জমা দিয়ে দিয়েছে। ৬৩টি বলে ১১৩ রান। সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডগুলোই বড় কথা নয়, কথা হলো তাঁর ব্যাটিংয়ের ধরন পরিসংখ্যান ধারণা দেবে ভীমের গদা চলেছে সারাক্ষণ, কিন্তু বাস্তবতা অন্য রকম। একটিও অক্রিকেটীয় শট ছিল না তাঁর ব্যাটের অলাতচক্রমনে। ৫০ বলের শত রানে নেলসনে ৫ উইকেট পড়া ডুবন্ত জাহাজটিকে জয়ের দ্বারপ্রান্তে উপস্থিত করলেন প্রত্যয়ী বিভায়। চলছিলেন উল্কার গতিতে। জয় যখন দৃষ্টিগ্রাহ্য হলো, নিজেকে বদলালেন। ঝুঁকির মাত্রা কমল। লক্ষ্যস্থির হিসাবি ব্যাটিং দেখলাম আমরা শেষ বেলায়। খেলার সহজাত ভাগ্যের সহায়তা পেয়েছিলেন। কাজে লাগিয়েছেন। বদলে দিয়েছেন বিশ্বকাপের মেজাজ ও অবলোকনের উপলক্ষ। পশ্চিম গোলার্ধজোড়া বিখ্যাত আইরিশ পাবগুলোয় কেভিনের ব্যাটের অলৌকিক বাস্তবতা সেদিন নিশ্চয়ই উদ্যাপিত হয়েছে অতিরিক্ত হুল্লোড়ে। স্মরণে ক্রিকেট বিশ্ব উপভোগ করবে বহুদিন ধরে। গ্রুপে আমাদের অবস্থান একটু এলোমেলো করে দেওয়ার পরও কেভিনদের জয়ে আমাদের করতালি বেজেছে। জয়তু কেভিন!ওদিকে শহীদ আফ্রিদি মুড়ি-মুড়কির মতো উইকেট কুড়াচ্ছেন। দেখাচ্ছেন নেতৃত্বের কারিশমা। কানাডার বিপক্ষে হারের মুখে আরেকটি জয় নির্মাণ করে তাঁর দুই তর্জনী তোলা ঊর্ধ্ববাহু ছবিকে প্রায় এ বিশ্বকাপের জলছাপে পরিণত করেছেন আফ্রিদি। আরও এগোবেন বোধ হয়।