ব্রাদারহুডের মুরসিই মিসরের প্রেসিডেন্ট
মিসরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি। গতকাল রোববার মিসরের স্থানীয় সময় বেলা তিনটায় নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে।মাত্র দেড় বছর আগেও হোসনি মোবারক সরকারের আমলে মুরসি ছিলেন কারাগারে। গতকাল ইতিহাস ঠিক উল্টোভাবে লেখা হলো। সেই মুরসি এখন মিসরের প্রেসিডেন্ট। আর মোবারক বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়ে এখন কারাভোগ করছেন। মিসরের নির্বাচন কমিশন জানায়, ব্রাদারহুডের প্রার্থী মুরসি ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিককে পরাজিত করেছেন। ফল ঘোষণার পর মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সমবেত মুরসির হাজার হাজার সমর্থক উল্লাস শুরু করেন। পটকা ফুটিয়ে, নেচে-গেয়ে বিজয় উদ্যাপন করেন তাঁরা। ‘ভয় নেই, সেনাবাহিনীকে অবশ্যই চলে যেতে হবে’, ‘আল্লাহ মহান’, ‘মুরসির বিজয়’সহ ব্রাদারহুডের নামে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে তাহরির স্কয়ার। এ সময় তাঁদের হাতে মুরসির ছবি ও মিসরের জাতীয় পতাকা দেখা যায়।তাৎক্ষণিকভাবে মুরসি ও পরাজিত আহমেদ শফিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সংবাদ সম্মেলন করে নিজের জয় দাবি করে ব্রাদারহুডকে তাঁর প্রশাসনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মুরসি। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ৬০ বছর বয়সী মুরসি মোবারকের আমলে কারাবন্দী হন। মোবারকের সময় মুসলিম ব্রাদারহুডের রাজনীতিও নিষিদ্ধ ছিল। মোবারকের পতনের পর তারা রাজনীতির অধিকার পায়।মুরসির সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরা ফল প্রকাশের দাবিতে আগে থেকেই তাহরির স্কয়ারে অবস্থান নেন। তাঁরা সম্প্রতি বর্তমান ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের করা বেশ কিছু আইন বাতিল করারও দাবি জানান। ফল ঘোষণার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকাসহ কায়রোর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানতে উদ্বিগ্ন সময় কাটে মিসরের জনগণের। নির্বাচনের পর মুরসি ও শফিক বিভিন্ন সময় নিজেদের জয় দাবি করেন। গত বৃহস্পতিবার এই ফল ঘোষণা করার কথা থাকলেও উভয় প্রার্থীর পক্ষ থেকে পাওয়া অভিযোগ তদন্তের কথা বলে ফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন। এতে ফল ঘোষণা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। অনেকেই একে ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলে ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল বলে আশঙ্কা প্রকাশ করেন।ফল প্রকাশের পর ইউনিয়ন কাউন্সিল অন ফরেন রিলেশনসের এলিজা জারওয়ান বলেন, ‘দেশের নিয়ন্ত্রণ হাতে নিতে মোহাম্মদ মুরসিকে বেগ পেতে হবে।’১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে মুরসি ২৪ দশমিক ৭৮ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং শফিক ২৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন। তবে দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।গত বছরের ফেব্রুয়ারিতে আরব বসন্তের ঢেউয়ে ক্ষমতাচ্যুত হন মিসরের প্রায় ৩০ বছরের শাসক মোবারক। তাঁর পতনের পর দেশটিতে এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। বিবিসি, রয়টার্স ও এএফপি।