ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় এক যুবক নিহত হয়েছে।নিহতের নাম জামাল হোসেন (২৬)। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।এলাকাবাসী জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের দুই সদস্য পদপ্রার্থী ছবির হোসেনের সমর্থক নুরুজ্জামান ও মিজানুর রহমানের সমর্থক টুটুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টুটুল নুরুজ্জামানকে মারধর করে। খবর পেয়ে নুরুজ্জামানের ভাতিজা জামাল হোসেন ঘটনাস্থলে গেলে টুটুল তাঁর মাথায় আঘাত করে।এতে জামালের মাথা ফেটে যায়। জামালকে তাত্ক্ষণিক প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আশঙ্কাজনক অবস্থায় গতকাল রাতে জামালকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. ইকতার মিয়া জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে থানায় মামলা করা হবে।