ব্রাহ্মণপাড়ায় চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজারা
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রাম এলাকায় (অব.) সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে (৬৫) পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম তাঁর বড় ভাইয়ের মৃত্যুর পর অনেকদিন ধরেই সংসার চালিয়ে আসছিলেন। তিনি তাঁর নিজের জমিতে ভাইয়ের ছেলেদের চাষ করতে দেন। বর্তমানে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসায় তিনি পুনরায় তাঁর নিজের জমিতে চাষ করার প্রস্তুতি নেন। কিন্তু এতে ভাতিজারা বাধা দেয়। গতকাল শনিবার দুপুরে আবুল কাশেম জমিতে ধান বুনতে গেলে তাঁর ভাতিজা মো. শাজাহান ও মো. বায়েজিদ তাঁকে বাধা দেয়। এক পর্যায়ে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছালে ভাতিজারা লাঠি দিয়ে বৃদ্ধ চাচাকে পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, পরে তাঁর অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টায় তিনি মারা যান। আজ বিকেলে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ভাতিজারা মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে হত্যা করেন। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ দাফন করা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।