ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আজ বুধবার ছাত্রলীগের সমাবেশে আট-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজন আহত হন।এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা হাসপাতালের সামনের সড়ক ১৫ মিনিট অবরোধ করে রাখেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন হত্যার প্রতিবাদে আজ দুুপুরে কলেজ শাখা ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের শহীদ মিনার চত্বরে একটি সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালে হঠাত্ কলেজ ক্যাম্পাসের বাইরের দিক থেকে সমাবেশে আট-১০টি ককটেল ছুড়ে মারা হয়। এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন ও ছাত্রলীগ নেতা তুষার হোসেন আহত হন। তাত্ক্ষণিক তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ককটেলের স্প্লিন্টারের আঘাতে রবিউলের ডান কাঁধ ও তুষারের বাঁহাত কেটে গেছে। তাঁদের ক্ষত স্থানে সেলাই শেষে ব্যান্ডেজ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে কলেজ ক্যাম্পাস ও হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।