ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা নেই: ত্রাণমন্ত্রী
টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণসামগ্রী বিতরণসহ এ-সংক্রান্ত কাজে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বুধবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ দাবি করেন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আজকের এই সম্মেলনের আয়োজন করা হয়।মন্ত্রী দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ত্রাণ বিতরণের কাজও সঠিকভাবে চলছে। সংবাদ সম্মেলন থেকে তিনি মুঠোফোনে ওই এলাকার সাংসদ র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের সর্বশেষ পরিস্থিতি জানান। সম্মেলনে জানানো হয়, কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্বোধনী অনুষ্ঠান হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাল বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া, ৩০ মার্চ কেন্দ্রীয়ভাবে শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভূমিকম্প মহড়া, ৬ এপ্রিল ঢাকার একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার হবে। ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাত হানার পাঁচ দিন হলো। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল দেওয়ার সরকারি ঘোষণা ছিল। গতকাল মঙ্গলবার পর্যন্ত অনেকেই সেই চাল পায়নি। যে তাঁবু বিতরণ করা হয়েছে, তাও প্রয়োজনের তুলনায় কম। সরকারি ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ বিরাজ করছে।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত শুক্রবারের ভয়াবহ টর্নেডোতে ঘরবাড়ি হারানো এক হাজার ৫০০ পরিবারের বেশির ভাগই এখনো রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। কয়েক শ’ পরিবার সরকারি ত্রিপল ও তাঁবু পেলেও অনেকেই এখনো তা টানাতে পারেনি। বিশেষ করে নারী ও শিশুরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছে।