ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষে আবার সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ বুধবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকালের সংঘর্ষের জের ধরে আজও বেতবাড়িয়া ও খাটিহাতা গ্রামের কয়েক শ অধিবাসী লাঠিসোঁটা, ইট-পাটকেল, বর্শা, ঢাল, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সরাইলে বিশ্বরোড মোড়ে জড়ো হয়। পার্শ্ববর্তী মালিহাতা গ্রামের অধিবাসীরা বেতবাড়িয়া গ্রামের সঙ্গে যোগ দেয়। বেলা ১১টার দিকে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার ওই দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।