ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই দলের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার এলাকায় বিএনপির দুই দলের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ৩০ জন আহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টারের দলের নেতাকর্মীদের মধ্যে আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। পরে বেলা একটার দিকে দুই দলের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষ শুরু হয়।আধ ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা বলেছেন, বিএনপির ওই দুই নেতার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে আজ এই সংঘর্ষ হয়েছে। পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে প্রাতবাজারের শতাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান সাংবাদিকদের বলেছেন, সকালে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি ওই এলাকায় আসেন।প্রতিপক্ষ দলের নেতার বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা তাঁকে বাজার থেকে তাড়িয়ে দেয় এরপর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টারের দলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করে। পরে তাঁরাও পাল্টা হামলা চালান। তবে এ ব্যাপারে আনোয়ার হোসেন মাস্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।