ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরেই এই মহাসড়ক নির্মাণের কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। এ প্রকল্পে ব্যয় হবে ২৩৩ কোটি টাকা, যার পুরোটাই পাওয়া যাবে ভারতীয় ঋণ সহায়তা হিসেবে।আজ মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ ছাড়াও আখাউড়া স্থলবন্দর সড়ককে মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পসহ দুই হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে এক হাজার ৩৬৯ এবং প্রকল্প সাহায্য রয়েছে ৬৭২ কোটি টাকা।পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উভয় দেশের মধ্যে আন্তসংযোগ বৃদ্ধির সমঝোতা চুক্তি হয়। সে অনুযায়ী এ সড়কটি মহাসড়কে উন্নীত করতে সম্মত হয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া স্থলবন্দর মহাসড়ক নির্মাণ প্রকল্প ভারতীয় ঋণে বাস্তবায়নের জন্য নির্বাচিত ১৪টি প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে আখাউড়া স্থলবন্দরের সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং এশিয়ান হাইওয়ের সরাসরি সংযোগ স্থাপতি হবে, যা আঞ্চলিক বাণিজ্য প্রসার এবং আমদানি-রপ্তানির কাজ সহজ করবে।পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে আইসিটি বিষয়ে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দেশের ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার স্থাপনের জন্য একনেকে একটি প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে।একনেকে পাস হওয়া অন্য প্রকল্পগুলো হলো, ৯৯ কোটি টাকা ব্যয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে ‘বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’, ৩০০ কোটি টাকা ব্যয়ে ‘কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্প’, ৬৬ কোটি টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প’, ১৭৭ কোটি টাকা ব্যয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘বিত্তহীন মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডিইউপি, সংশোধিত) প্রকল্প’, ১০৪ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘পুরাতন যুব প্রশিক্ষণ কেন্দ্রসমূহের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্প’, ৩৪ কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ‘এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এট শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রকল্প’ ও ৬৫৫ কোটি টাকা ব্যয়ে ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্প’।এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস।