উত্ত্যক্ত করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবীনগর পৌর বাসস্ট্যান্ডের কাছে গতকাল শুক্রবার দুপুরে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আবদুস সাত্তার (৩৮) নামের এক টেম্পোচালককে কান ধরে উঠবস এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সাত্তারের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে। জানা গেছে, ওই নারী যাত্রী দুপুরে বাড়িতে ফেরার জন্য বাসস্ট্যান্ড-সংলগ্ন টেম্পোস্ট্যান্ডে গেলে টেম্পোচালক সাত্তার তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। ওই নারী ঘটনাটি পরিচিত এক শিক্ষককে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। খবর পেয়ে ইউএনও সামছুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত্তারের কাছ থেকে জরিমানা আদায় করেন। ইউএনও সামছুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় পঞ্চগড় শহরের কাঁচাবাজার এলাকা থেকে সদর উপজেলার রামের ডাঙ্গা গ্রামের সুজন, নতুন বস্তি রাজনগড় এলাকার পায়েল এবং কামাত পাড়া গ্রামের সোহরাবকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এহছানুল পারভেজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. আরেফিন জরিমানার এ আদেশ দেন। আসামিরা জরিমানা পরিশোধ করে রেহাই পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, এখন থেকে নিয়মিত এ অভিযান চলবে।এদিকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকখাইন গ্রামে গত বৃহস্পতিবার সকালে নুর কাদের (২০), রুবেল মিয়া (১৮), অহিদুল ইসলাম (১৮) ও বদিউল আলম (৩২) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি জেলার আনোয়ারা উপজেলার ডুমরিয়া গ্রামে।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলা ছত্তারহাট এলাকা থেকে নৌকায় করে দুই কিশোরী তাদের খালার সঙ্গে পটিয়ার বাকখাইন গ্রামে বেড়াতে যাচ্ছিল। তখন ওই চারজন তাদের সঙ্গে নৌকায় পিছু নেয় এবং উত্ত্যক্ত করতে থাকে। নৌকা থেকে নেমে কিশোরীরা ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে এলাকাবাসী চারজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে।