ব্রাহ্মণবাড়িয়া কারাগারে দেখা হয় সিরু মিয়া ও কামালের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল (৫৭)। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দী থাকাকালে শহীদ সিরু মিয়া দারোগা ও তাঁর ছেলে আনোয়ার কামালের সঙ্গে তাঁর দেখা হয়। ঈদের দিন রাতে পাকিস্তানি সেনারা তাঁদের হত্যা করে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আহমেদ ইমতিয়াজের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। প্রায় দেড় ঘণ্টা তিনি জবানবন্দি দেন। গোলাম আযমকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।জবানবন্দিতে আহমেদ ইমতিয়াজ বলেন, একাত্তরে তিনি আজিমপুরের ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে দশম শ্রেণীতে পড়তেন। ২৭ মার্চ কারফিউ শিথিল হলে তিনি বাইসাইকেল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ, পলাশী ফায়ার সার্ভিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, রোকেয়া হল ও ব্রিটিশ কাউন্সিলের চারদিকে ঘুরে অসংখ্য লাশ দেখেন। তখন সিদ্ধান্ত নেন, এই জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন। বিকেলে তিনি এক বিহারির বাসা থেকে বন্দুক ছিনতাই করেন এবং কয়েকজনকে নিয়ে ছোট একটি দল গড়েন। দলের প্রধান করা হয় সজীবকে। তাঁরা বেশ কয়েকজন বিহারির বাসা থেকে অস্ত্র ছিনতাই করেন এবং জিঞ্জিরায় প্রথম ক্যাম্প করেন। পাকিস্তানি সেনারা ওই ক্যাম্পে আক্রমণ করলে তাঁরা টিকতে না পেরে পইট্টায় চলে যান। পরে বুড়িগঙ্গা নদীতে অস্ত্র ফেলে ঢাকায় ফিরে আসেন।জবানবন্দির এ পর্যায়ে সাক্ষী মুক্তিযুদ্ধকালে তাঁর বিভিন্ন অভিযানের ও পালিয়ে বেড়ানোর বর্ণনা দেন। তিনি বলেন, তাঁর বড় ভাই ইফতেখারউদ্দিন আহমেদ টুলটুল মুক্তিযোদ্ধাদের ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। এর নেতৃত্বে ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আরও বলেন, আগস্টের প্রথম সপ্তাহে তিনি (সাক্ষী) ভারতে আগরতলা হয়ে মেলাঘরে যান এবং প্রশিক্ষণ শেষে ঢাকায় ফিরে সজীব বাহিনীতে যোগ দেন। তাঁরা লালবাগে কাজ করতেন। ২৯ অক্টোবর তিনি সহযোদ্ধা মানিক, মাহবুব ও খোকাকে নিয়ে আবার ভারতে যাওয়ার সময় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টের কাছে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। তারা তিন ঘণ্টা তাঁদের ওপর পাশবিক নির্যাতন চালায়। ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পর তাঁদের আলাদা করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানি ক্যাপ্টেন আলী রেজার কাছে। আলী রেজা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে আবার চারজনকে একত্রে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।আহমেদ ইমতিয়াজ বলেন, কারাগারে অন্য বন্দীদের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে ছিলেন সমবয়সী কামাল এবং তাঁর বাবা সিরু মিয়া, নজরুল, কুমিল্লার বাতেন, শফিউদ্দিনসহ আরও অনেকে। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি প্রদর্শনী ৪৯৬-এর তিনটি ছবি দেখালে সাক্ষী সিরু মিয়া ও কামালকে শনাক্ত করেন। তিনি বলেন, ওই কারাগারে তখন সম্ভবত ৫৫ জন মুক্তিযোদ্ধা বন্দী ছিলেন। তাঁরা ধরা পড়ার দুই দিন আগে তন্তর চেকপোস্টে ধরা পড়েন নজরুল, সিরু মিয়া ও কামাল। কারাগার থেকে তাঁদের নিয়মিত দানা মিয়ার বাড়িতে নিয়ে নির্যাতন করা হতো। দানা মিয়ার বাড়িতে তিনি কুখ্যাত পেয়ারা মিয়াকে দেখেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ঈদের দিন সন্ধ্যার একটু পর কারাগারের ফটক খুব শব্দ করে খুলে পাকিস্তানি সেনারা ঢোকে। তারা চিৎকার করে বন্দীদের সারিবদ্ধ হওয়ার নির্দেশ দেয়। পাকিস্তানি ক্যাপ্টেন আলী রেজা, ব্রিগেডিয়ার সাদউল্লাহ আঙুল দিয়ে ইশারা করে ৪৩ জনকে আলাদা করে। পরে তিনজনকে বাদ দিয়ে ৪০ জনকে নিয়ে যাওয়া হয়।এ সময় বিভিন্ন বন্দীর কথা বলতে গিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুল আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘নজরুল ভাইকে আমি জিজ্ঞাসা করি, “ভাই, আপনি তো আমাকে পালিয়ে যেতে দিলেন না।” তিনি সিগারেট টানছিলেন, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলেন, “আমার লুঙ্গিটা আমার মায়ের কাছে পৌঁছে দিস। আর এই সিগারেটের টুকরাটি।” কামালের বাবা সিরু মিয়া অঝোরে কাঁদছিলেন আর বলছিলেন, “ওর মায়ের তো আর কেউ থাকল না রে।” তখন কামাল আমাকে বলে, “বুলবুল, কোনো দিন যদি আমার মাকে দেখিস, তবে মনে করবি, ওইটা তোর মা।” নজরুল ভাই বলেছিলেন, “যখনই কোনো পাকিস্তানি সেনা দেখবি, মাথায় একটি করে গুলি করবি।” বাতেন ভাই তাঁর গায়ের চাদর আমাকে দিয়েছিলেন। সেই চাদর দিয়ে আমি তৎক্ষণাৎ প্রত্যেকের চোখের পানি মুছে দিয়েছিলাম।’রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এরপর তাঁদের (বাছাই করা ৪০ জনকে) নিয়ে যাওয়া হয়। পরদিন তাঁরা জানতে পারেন, স্টেশনের পশ্চিমে পৈরতলায় ওই বন্দীদের হত্যা করা হয়েছে। তাঁর জানামতে, ৪০ জনের মধ্যে একজনকে কারাফটক থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর দুই দিন পর তাঁদের দানা মিয়ার বাড়ির নির্যাতনকেন্দ্রে নেওয়া হলে তাঁরা পালিয়ে যান। তিনি আজিমপুরের বাসায় ফিরলে মাঝরাতে পাকিস্তানি সেনারা আবার তাঁকে ধরে নিয়ে যায়। এবার তাঁকে তেজগাঁওয়ের এমপি হোস্টেলে নেওয়া হয়। সেখানে নির্যাতনে তাঁর পিঠ ও পায়ের পেছনে কোনো চামড়া ছিল না। সাত দিন পর তাঁকে রমনা থানায় নেওয়া হয়। থানার দুটি হাজতে তিনি ৮৪ জন বন্দী দেখেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাকিস্তানের চ্যাম্পিয়ন পোলভল্টার মেরাজউদ্দিন। মেরাজের কাছ থেকে পাকিস্তানি সেনারা একটি সাক্ষাৎকার নিয়েছিল, তাতে তিনি বলেন, ‘ভারতীয় বাহিনী জোর করে মুক্তিবাহিনী গঠন করেছে। আসলে মুক্তিবাহিনী বলে কিছু নেই।’ এই সাক্ষাৎকার দিলে তাঁকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানি সেনারা তাঁকে রায়েরবাজারে নিয়ে চিরতরে মুক্তি দেয়। প্রতিদিন একটি গাড়ি এসে হাজত থেকে সাতজনকে নিয়ে যেত। ১৪ জন বাকি থাকতে যৌথবাহিনীর আক্রমণ শুরু হলে গাড়িটি আর যায়নি। দেশ শত্রুমুক্ত হয় ১৬ ডিসেম্বর, তিনি ১৭ ডিসেম্বর মুক্তি পান।আহমেদ ইমতিয়াজ বলেন, ২০০৮ সালে তিনি একটি টেলিভিশনের অনুষ্ঠানে তাঁর বন্দী থাকার ঘটনা বলেন। এরপর শহীদ সিরু মিয়ার স্ত্রী ও শহীদ কামালের মা আনোয়ারা বেগম তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন।জবানবন্দি শেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে প্রায় ১০ মিনিট জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী শেখ ফরিদ আলম। সংক্ষিপ্ত জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি ১৪১ পশ্চিম নাখালপাড়ায়। পাশের ১৪২ পশ্চিম নাখালপাড়ায় তাঁদের একটি টিনের চালার বাড়ি ছিল। একাত্তরে সেখানে জামায়াতে ইসলামীর কার্যালয় ছিল। এখন সেখানে মাদ্রাসা ও মসজিদ রয়েছে। জবানবন্দি শেষে আসামিপক্ষ তাঁকে জেরা করেনি।এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।