ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হেফাজতকর্মীদের ভাঙচুরের অভিযোগ
রেলে আসনবিহীন টিকিট না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আজ শুক্রবার দুপুরে হেফাজতে ইসলামের স্থানীয় কর্মীরা দুই দফা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া একটার দিকে হেফাজতে ইসলামের কয়েক শ কর্মী-সমর্থক রেলস্টেশনে গিয়ে ঢাকা যাওয়ার টিকিটের জন্য লাইনে দাঁড়ান। এ সময় টিকিট না পেয়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা টিকিট কাউন্টার ও স্টেশন এলাকায় দুই দফা হামলা ও ভাঙচুর চালান। এ সময় স্টেশনে উপস্থিত কয়েক শ সাধারণ যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন তাঁরা।রেলস্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, ঢাকায় যেতে আগ্রহী হেফাজতে ইসলামের কর্মীরাই এ ভাঙচুর চালিয়েছেন। খবর পেয়ে সদর থানা পুলিশ রেলস্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার অমৃতলাল সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘ট্রেনের আসনযুক্ত টিকিটগুলো অনেক আগেই বিক্রি হয়ে যায়। টিকিট কাউন্টারের কম্পিউটারগুলোর প্রোগ্রাম পরিবর্তন করার কারণে আজ থেকেই যাত্রীদের আসনবিহীন টিকিট দিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘আজ দুপুরে হঠাত্ যাত্রীদের ভিড় বেড়ে গিয়েছিল। কাউন্টারের কম্পিউটারে সমস্যার কথা বললেও তাঁরা তা শোনেননি। উল্টো তাঁরা ভাঙচুর শুরু করে দেন। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা ভাঙচুর করে চলে যান। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।’