ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পাঁচজন এবং হবিগঞ্জ-১ আসনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির খালেদ হোসেন মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি ইউনুছ মিয়া ও জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়া। হবিগঞ্জ-১ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মুশফিক হোসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির আবদুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলামের আবদুল মালিক চৌধুরী ও খেলাফত মজলিসের শাইখ আবদুল কাইয়ুম।আওয়ামী লীগের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ ও একই দলের লুৎফুল হাইয়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন শূন্য হয়। গত নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মহাজোটগতভাবে নির্বাচন করলেও এ দুটি উপনির্বাচনে আলাদা প্রার্থী দিয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ২৩৮। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের লুৎফুল হাই পেয়েছিলেন এক লাখ ৬০ হাজার ৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুন আল রশিদ পেয়েছিলেন ৮৬ হাজার ৫৮৭ ভোট।নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ এক হাজার ৪৭৭। নবম সংসদ নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী এক লাখ ৫২ হাজার ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ সুজাত মিয়া পেয়েছিলেন ৭৯ হাজার ৪৮৮ ভোট।