কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৪২ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থান যান চলাচলের অনুপযোগী। মহাসড়কে বিভিন্ন স্থান বড় বড় গর্তে ভরা। এই পথের সেতু-কালভার্টগুলোও ঝুঁকিপূর্ণ।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ ছাড়াও কুমিল্লা অংশের প্রায় ৪০ কিলোমিটার পথও খানাখন্দে ভরা। সওজের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে সদর উপজেলার সুলতানপুর পর্যন্ত মেরামতের কথা ভারতীয় প্রতিষ্ঠান আসাম বেঙ্গল কারগো (এবিসি) লিমিটেডের। এই প্রতিষ্ঠানটি আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া হয়ে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহন করে। চুক্তি অনুসারে এই বিশ্বরোড থেকে সুলতানপুর পর্যন্ত তাদেরই মেরামতের কথা। গত ২৩ আগস্ট সওজ এবিসির স্থানীয় এজেন্ট গালফ ওরিয়েন্ট সিওয়েজকে চিঠি দিয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার এই মহাসড়ক দিয়ে ঢাকা-আগরতলা পথে চলাচলকারী দুই দেশের দুটি আন্তর্জাতিক বাস, ত্রিপুরা পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশবাহী ট্রেইলার, আখাউড়া স্থলবন্দরগামী রপ্তানি পণ্যবাহী শত শত ট্রাক, কুমিল্লা-সিলেট, ভৈরব-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম পথের দূরপাল্লার যানবাহন চলাচল করে। সওজ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত মহাসড়কটির দৈর্ঘ্য ৮২ কিলোমিটার। এর মধ্যে বিশ্বরোড থেকে কসবা পর্যন্ত ৪২ কিলোমিটার এলাকা ব্রাহ্মণবাড়িয়া সওজের অধীন।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামলাইল ও মহিউদ্দিন নগরে দুটি সেতু পরিত্যক্ত। পাশের একটি অস্থায়ী সেতু দিয়ে যান চলাচল করছে। এই সড়ক ধরে কসবা-ঢাকা পথে নিয়মিত চলাচলকারী যাত্রীবাহী যমুনা বাসের চালক হেলাল মিয়া বলেন, ‘কসবার কুঠি চৌমুহনী থেকে বাস ছাড়ার পর নিজে দোয়া পড়ি, আর যাত্রীদেরও দোয়া পড়ার জন্য অনুরোধ করি। আল্লাহ্র অশেষ রহমত ছাড়া এই সড়কের অধিকাংশ স্থান ও দুটি সেতু পার হওয়া অসম্ভব।’এই পথে চলাচলকারী দিগন্ত পরিবহনের চালক গফুর মিয়া বলেন, রাস্তা খারাপ হওয়ার কারণে দুই ঘণ্টার যাত্রা চার থেকে পাঁচ ঘণ্টা লাগে।ব্রাহ্মণবাড়িয়ার তন্তর বাসস্ট্যান্ডের পরিবহনকর্মী মুখলেছ মিয়া বলেন, ‘টিপিত (টিভি) দেহি, সারা দেশের রাস্তা জোড়াতালি দিয়া ঠিক করতাছে। এই রাস্তাডারে জোড়াতালি দিতেও কেউ আইতাছে না। এইডা করলেও তো মানুষের হাত-পা ভাঙতো না।’ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এই সড়কটি দ্রুত মেরামত করা দরকার।সওজের উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. সোহেল বলেন, এই মহাসড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য জরুরি মেরামত প্রয়োজন। কিন্তু সওজের কাছে কোনো উপকরণ নেই। আর সেতুগুলোর বিষয়ে অনেক লেখা হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে না।দুটি প্রকল্প ঝুলে আছে: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক মেরামত ও ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প নতুন সেতু তৈরির লক্ষ্যে ২৩৩ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয় গত বছরের নভেম্বর মাসে। কিন্তু এখনো প্রকল্পটির কাজ শুরু হয়নি।সওজ সূত্র জানায়, ২৩৩ কোটি টাকার প্রকল্পের অধীনে সিলেট-কুমিল্লা মহাসড়কের সরাইলের বিশ্বরোড থেকে সুলতানপুর পর্যন্ত ২০ কিলোমিটার মেরামত করা হবে। সুলতানপুর-চিনাইর-আখাউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত এবং মেরামত করার কথা প্রকল্পের অধীনে। এ ছাড়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারটি সেতু ও ১৫টি কালভার্ট নির্মাণ করা হবে।এ ছাড়া কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ও আখাউড়া পর্যন্ত সড়ক মেরামত এবং সেতু নির্মাণের ৫৪৫ কোটি টাকার আরেকটি প্রকল্প নিয়েছে সওজ। এটি প্রি-একনেক হলেও আর অগ্রগতি নেই। এই প্রকল্পের অধীনে ৭২ কিলোমিটার সড়ক মেরামত ও বেশ কিছু সেতু নির্মাণ হওয়ার কথা। সওজ সূত্র জানায়, এই প্রকল্প দুটি নেওয়া হয়েছে আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে মালামাল পরিবহনের জন্য। তবে প্রকল্প দুটি বাস্তবায়িত হলে কুমিল্লা-সিলেট মহাসড়কটি দেশের অন্য বড় মহাসড়কের মানে উন্নীত হবে।