ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভা নির্বাচন ৩ সপ্তাহের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্টে। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। কাল মঙ্গলবার পৌরসভাটিতে নির্বাচনের দিন ধার্য ছিল। জানা যায়, ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জাতীয় সংসদের উপনির্বাচন হওয়ার কথা আছে। আর এ নির্বাচনকে সামনে রেখে একজন সাংসদ পদপ্রার্থী যে ধরনের প্রচারণা করতে পারেন, একজন পৌরপ্রার্থী তা করতে পারেন না। এটা সাংঘর্ষিক দাবি করে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটে বলা হয়, এ দুই নির্বাচনের প্রচারণায় জনসাধারণ বিভ্রান্তিতে পড়েছে। রিটে সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ তুলে ধরে বলা হয়, আসন শূন্য ঘোষণা করার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কাছাকাছি সময়ে দুটি নির্বাচন হওয়ায় পৌর নির্বাচন স্থগিতেরও আবেদন জানানো হয় রিটে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আনিসুল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট তিন সপ্তাহের জন্য পৌর নির্বাচন স্থগিত করেছেন। একই সঙ্গে সমসাময়িক দুটি নির্বাচন অনুষ্ঠান নিয়ে রুল জারি করেছেন আদালত।