ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে পাঁচটি কেন্দ্র স্থগিত করে সেখানে পুণরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কেন্দ্রগুলো হলো ক্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল, গতাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেব উচ্চবিদ্যালয়, চিনাই আঞ্জুমান স্কুল অ্যান্ড কলেজ ও চাঁপাই সিনিয়র মাদ্রাসা।এর আগে দুপুরে অনুরূপ এক সংবাদ সম্মেলনে দুটি আসনের ১১টি কেন্দ্র স্থগিতের দাবি জানায় দলটি। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংবাদ সম্মেলনে এ দুটি আসনের উপনির্বাচনে কোনো কোনো কেন্দ্রে কারচুপি, ভোটারদের ভোট প্রদানে বাধা, বিএনপির এজেন্টকে থাকতে না দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাসুদেব উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট এক হাজার ৯১৭ জন ভোটার। দুপুর ১২টার মধ্যে ওই কেন্দ্রে এক হাজার ১৬৮টি ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন। বিএনপি একে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে। বিএনপি বলেছে, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপনির্বাচনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কয়েকটি ভোটকেন্দ্র দখল করেছে।হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া মাদ্রাসা, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বৃন্দাবন চা-বাগান কেন্দ্র, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামাতাশি ইউনিয়নের শিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি। তিনি বলেন, উপনির্বাচনে কারচুপির যে আশঙ্কা বিএনপি আগেই করেছে, তা সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেন, দুটি উপনির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। সেখানে সন্ত্রাসীরা নৌকা প্রতীকে জোর-জবরদস্তি করে সিল মেরেছে।পৌরসভা নির্বাচন: নজরুল ইসলাম খান জানান, পৌরসভা নির্বাচনের অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য তাঁদের হাতে নেই। তিনি কক্সবাজার সদর পৌরসভায় ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ আনেন। তিনি জানান, কক্সবাজার পৌরসভার হাশেমিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপারে আওয়ামী লীগের কর্মীরা সিল মেরেছেন। প্রশাসনের কর্মকর্তারা তাঁদের সহায়তা করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে তিনি জানান। এ ছাড়া চকরিয়া পৌরসভা নির্বাচনে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।