ব্রাহ্মণবাড়িয়ার ৬২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণা শেষ। এখন কেবল অপেক্ষা ভোটের। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ভোট গ্রহণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন এখানকার ৬২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। তবে বিএনপির প্রার্থী ৫৬টি ও আওয়ামী লীগের প্রার্থী ২৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। কুমিল্লা অঞ্চলের উপনির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, ১২৬টি কেন্দ্রের মধ্যে ৬২টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে কমিশন সব কেন্দ্রেই সমান নজর রাখবে। রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭ জন করে সদস্য থাকবেন। তাঁদের মধ্যে ১৫ জনের হাতে অস্ত্র থাকবে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র‌্যাাব। ভ্রাম্যমাণ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন। এই আসনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহাজোটের আর মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব চারদলীয় জোটের প্রার্থী। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ইউনুছ মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ধানের শীষ আর নৌকা প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। দুজনই প্রথমবারের মতো সংসদ নির্বাচন করছেন। চারদলীয় জোটের প্রার্থী খালেদ হোসেন মাহবুব জয়ের ব্যাপারেই আশাবাদী। তবে তাঁর আশঙ্কা, সরকার প্রশাসনকে ব্যবহার করে রায় কেড়ে নিতে পারে।জানতে চাইলে মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিএনপি আসলে চাচ্ছে ইস্যু তৈরি করতে। তাই নির্বাচনের দিন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা ঝুঁকিপূর্ণ ২৮টি কেন্দ্রের তালিকা রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক।’ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ২৩৮ জন।২০০৮ সালের নির্বাচনে এই আসনের চারদলীয় জোটের প্রার্থী বিএনপির নেতা হারুন অর রশিদকে ৭০ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লুৎফুল হাই সাচ্চু। তাঁর মৃত্যুতে আসনটি শূূন্য হয়।