ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে । তবে হরতালের সমর্থনে কাউকে সকাল থেকে কোনো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ অঞ্চলকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আলাদা করে বাখরাবাদ গ্যাস সিস্টেম কোম্পানি লিমিটেডে স্থানান্তরিত করার প্রক্রিয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জেলা নাগরিক কমিটি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলে।হরতাল চলাকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে কিছু রিকশা চলাচল করেছে। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল । শহরের পুরোনো আদালত ভবন এলাকা, কুমারশীলের মোড়, দক্ষিণ কালীবাড়ির মোড়, টিএ রোডসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছিল।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সিদ্ধান্তক্রমে ২০০৮ সালের ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকাকে আওতাভুক্ত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনর্গঠনের প্রস্তাব করা হয়। বর্তমান সরকারের আমলের শুরুতে সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর আন্দোলনের মুখে তা স্থগিত হয়ে যায়। এখন আবার আগের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিলে জেলা নাগরিক কমিটির ব্যানারে এ হরতাল আহ্বান করা হয়।