ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড়ে আজ বুধবার ভোরে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ প্রথম আলো অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ফরায়েজি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন।হাইওয়ে পুলিশ জানিয়েছে, নয় সদস্যের ওই ডাকাত দল যাত্রীবেশে ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের একটি বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-২৭৮৫) ওঠে। চলন্ত বাসে ডাকাতির প্রস্তুতিকালে এক যাত্রী গোপনে পুলিশকে মুঠোফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে ডাকাত দলকে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ওই মহাসড়কে ব্যারিকেড দেয়। বাসটি সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছানোর পর ভোর পৌনে চারটার দিকে বাসে তল্লাশি চালিয়ে নয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে এক নারীও আছেন। ডাকাতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, নয়টি চাইনিজ ছুরি ও নয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।