ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি শেখ সিরাজুল ইসলামকে পুলিশ আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করেছে। আর গতকাল শুক্রবার রাতে কসবায় ছাত্রদলের নেতা সেলিম অপুকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।আখাউড়া থানার পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুকুরে বিষ ঢেলে অন্তত ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২২ নভেম্বর তাঁর বিরুদ্ধে একই ইউনিয়নের ফছির উদ্দিন চৌধুরী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচ আসামির মধ্যে তিনি প্রধান।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।গতকাল রাতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে ছাত্রদল কসবা উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম অপুকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ।পুলিশ জানায়, সম্প্রতি কসবা-সৈয়দাবাদ সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এসব কাজে জড়িত থাকার অভিযোগে সেলিম অপুকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সেলিম অপুর বড় ভাই বিনাউটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিম অপুকে আজ সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।