ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের ১০ প্রার্থী কারাগারে
নির্বাচন কমিশনে সময়মতো নির্বাচনী ব্যয় (রিটার্ন) দাখিল না করায় গত উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলার ১০ জন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চেয়ারম্যান পদের প্রাথীরা হলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্রশাসক মো. মলাই মিয়া, উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সভাপতি এ টি এম আবদুল্লাহ মাস্টার, শ্রীরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম শাহরিয়ার, ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ, মোশতাক আহমেদ, মো. মনিরুজ্জামান মনির, কানাডাপ্রবাসী বিজ্ঞানী হুমায়ুন কবির। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন নবীনগর সরকারি কলেজের সাবেক দুই ভিপি উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সরকার ও নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, আশুগঞ্জ উপজেলার জালাল উদ্দিন। উপজেলা নির্বাচন অফিস ও আদালত সূত্রে জানা যায়, গত উপজেলা নির্বাচনে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা প্রার্থীদের নিয়ম অনুযায়ী নির্বাচনের ৩০ দিনের মধ্যে নিজেদের নির্বাচনী ব্যয় রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করার কথা। কিন্তু তা না করায় জেলার তত্কালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা নূর মোহাম্মদ মজুমদার বাদী হয়ে ২০০৯ সালের ৩১ আগস্ট ৫৩ জন প্রার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় ৫৩ জন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ সোমবার ওই ১০ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শফিউল আজম তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই ১০ প্রার্থীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’