ব্রাহ্মণবাড়িয়ায় একজনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের একটি ডোবা থেকে আজ শনিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের পূর্ব পাশে একটি খেলার মাঠসংলগ্ন ডোবায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা পুলিশকে খবর দিলে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে যাওয়া হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মাথায় ও কানের নিচে একাধিক কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্বৃত্তেরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।