ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শনিবার রাতে রুমানা আক্তার নামে ১৪ বছরের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত মঙ্গলবার সে জেএসসি (জুনিয়র বৃত্তি) পরীক্ষা শেষ করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে রুমানা। সে স্থানীয় চারগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করলে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।চারগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা বোরহানউদ্দিন চৌধুরী বলেন, ‘মেয়েটি খুবই মেধাবী, ক্লাসের থার্ড গার্ল ছিল। মাত্র গত মঙ্গলবার সে জেএসসি পরীক্ষা শেষ করে। আমি নিশ্চিত, পরীক্ষায় সে খুবই ভালো রেজাল্ট করবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এমন একটি মেধাবী ছাত্রী কী কারণে হঠাত্ আত্মহত্যা করল, তার অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন।’রুমানার বড় বোন আয়েশা আক্তার বলেন, ‘আমাদের বাবা নেই। আমরা চার বোন এক ভাই। রুমানা সবার ছোট। শনিবার পাশের বাড়ির একটি বিয়েতে সারা দিন আনন্দ করে ঘরে এসে রাতে কেন যে হঠাত্ বিষের বড়ি খেল, আমরা তার কিছুই বুঝতে পারলাম না।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।’