ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত পৌনে নয়টার দিকে শহরের কোর্ট রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর প্রতিবাদে ওই রাতে মাহমুদুলের সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল করে। টিএ রোড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা আটটি সিএনজিচালিত অটোরিকশা ও অটোবাইক ভাঙচুর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাহমুদুলকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল সকাল সাতটা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং শহরের পাইকপাড়া, কাজীপাড়া, গোকর্ণঘাট, কুমারশীলের মোড়সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সকাল ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে অজ্ঞাতপরিচয়ের একদল যুবক কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।মাহমুদুলের আরেক দল সমর্থক সকাল নয়টার দিকে ভাদুঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন সেখানে আটকে যায়। এ সময় কয়েকজন ক্ষুব্ধ সমর্থক ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন মহানগর প্রভাতী আখাউড়ায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আখাউড়ার আজমপুর এবং ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন ভৈরব রেল জংশনে আটকা পড়ে বলে ট্রেনগুলোর যাত্রীরা জানান। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে দুপুর দুইটা থেকে ট্রেন চলাচল শুরু করে।এর আগে পুলিশ সড়ক ও রেলপথ অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রবসহ ১০ জন পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আসমত আলী প্রথম আলোকে বলেন, ট্রেন অবরোধের কারণে আজমপুরে আড়াই ঘণ্টা আটকে থাকতে হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সদর মডেল থানার ওসি আবদুর রব প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে গত সংসদ উপনির্বাচনের সময় একজন প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় অটোরিকশা ভাঙচুর ও প্রতিবন্ধকতা করার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। গতকাল সকালে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নভাবে ট্রেনে আক্রমণ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুল গত পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন।