ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।ছিনতাইয়ের শিকার রাকিবুল হক রনি (৩৫) ঢাকায় প্রিমিয়ার ব্যাংকে কর্মরত। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহর বিএনপির সাবেক সভাপতি রফিকুল হকের ছেলে। জানা গেছে, ভোরে রিকশায় করে রাকিবুল কাজীপাড়া থেকে পৈরতলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে ঈদগাঁহ মাঠের কাছে দু-তিনজন ছিনতাইকারী রিকশাটি থামিয়ে ধারালো ছুরি দিয়ে তাঁর হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘পুলিশের টহল দল সদর হাসপাতালে গিয়েছে। তা ছাড়া আমরা বিষয়টি খতিয়ে দেখব।’