ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গতকাল বুধবার রাতে আজিজুর রহমান (১৭) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের মা রাজিয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামে হাতেম আলীর ঘরে একটি চোরের দল প্রবেশ করে। এ সময় আজিজ তাদেরকে দেখে ধরার চেষ্টা করলে চোররা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে স্থানীয় ছতুরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।