ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি: তিন সন্তানসহ মা আহত, এক ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কুয়েত প্রবাসী আবদুল কাইয়ুমের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী লিপি বেগম (৩২) এবং তাঁর তিন সন্তান আহত হয়। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে।আহত শিশুরা হলো কানিজ ফাতেমা (১৪), কামরুল হাসান (১২) ও জয় (৫)। এদের মধ্যে জয়ের অবস্থা গুরুতর। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত মধ্যরাতে একদল ডাকাত ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। একপর্যায়ে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিত্কার করতে থাকলে ডাকাতদের অস্ত্রের আঘাতে ওই চারজন আহত হয়। পরে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় গৃহকর্ত্রী কামাল মিয়া (২৬) নামের এক ডাকাতকে ধরে চিত্কার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে কামালকে গণপিটুনি দিয়ে পাশের ছলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। ছলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।