ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা হরতাল
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আজ রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে অনুষ্ঠিত উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করে জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।সকাল থেকে শহরের রাস্তাঘাটে যান চলাচল ও লোকজনের উপস্থিতি সামান্য কম লক্ষ করা গেলেও কুমিল্লা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। একই সঙ্গে শহরের সব অফিস-আদালতও খোলা ছিল। দোকানপাট ও বিপণিবিতানগুলো কিছুটা দেরিতে খোলা হয়। সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ, সহসভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী শহরের প্রধান সড়ক টি এ রোডে হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্যের উপস্থিতির কারণে তাঁরা নিজেদের গুটিয়ে নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে, তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমরা পিকেটিং, মিটিং, মিছিল করতে পারছি না।’ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার প্রথম আলোকে বলেন, সবকিছু স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।