ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির এক মহিলা ঘর লেপার জন্য মাটি আনতে যায়। এ সময় একই এলাকার কামরুজ্জামান রতন ও তাঁর লোকজন ওই মহিলাকে মাটি কাটায় বাধা দেয়। পরে এই ঘটনা জুলফু মিয়ার লোকজন শুনে ওই মহিলার পক্ষ নিয়ে লাঠি ও বল্লম নিয়ে কামরুজ্জামান রতনের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজয় নগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে লাঠিপেটা ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে জানান, আধিপত্য বিস্তার নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই দুই পক্ষের মধ্যে নানাবিধ বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। পরিস্থিতি এখন শান্ত।