ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সূচনায় পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান ছিল কুমিল্লা সেনানিবাসে। সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের কথা বলে এ রেজিমেন্টের দুটি কোম্পানিকে ১ মার্চ মোতায়েন করা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম, পরে কর্নেল) একটি কোম্পানির এবং পাকিস্তানি মেজর সাদেক নেওয়াজ অপর কোম্পানির অধিনায়ক ছিলেন। চতুর্থ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক (সিও) ছিলেন পাকিস্তানি লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খান। কোম্পানি দুটোকে বাইরে মোতায়েন করার আগে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বাঙালি সেনা কর্মকর্তাদের জানান, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ আসন্ন। এ জন্য সেনাবাহিনীর রণকৌশলগত বিন্যাস জরুরি হয়ে পড়েছে।২২ মার্চ এই রেজিমেন্টে উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন মেজর খালেদ মোশাররফ (বীর উত্তম, পরে ব্রিগেডিয়ার জেনারেল এবং ১৯৭৫ সালে নিহত)। তিনি কর্মরত ছিলেন ঢাকা সেনানিবাসে। যোগ দেওয়ার পরদিনই ভারত থেকে অনুপ্রবেশকারী নকশালদের দমনের কথা বলে খালেদ মোশাররফকে একটি কোম্পানি নিয়ে মৌলভীবাজারের শমশেরনগর যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে যেতে তিনি অনিচ্ছুক ছিলেন। কিন্তু ব্রিগেড কমান্ডার ইকবাল শফির নির্দেশে ২৪ মার্চ যেতে বাধ্য হন।শমশেরনগর যাওয়ার পথে খালেদ মোশাররফ ব্রাহ্মণবাড়িয়ায় শাফায়াত জামিলের সঙ্গে দেখা করেন। আগে তাঁরা পরস্পরকে চিনতেন না। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা দুজন কিছুক্ষণ কথা বলেন। গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার আগে শাফায়াত জামিলকে ওয়্যারলেসের একটি ফ্রিকোয়েন্সি ঠিক করে দিয়ে খালেদ মোশাররফ বলেন সময় ও সুযোগ বুঝে তাঁর সঙ্গে কথা বলতে। শাফায়াত জামিল এতে সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা ভরসার জায়গা খুঁজে পান।২৫ মার্চ চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকি অংশ লে. কর্নেল খিজির হায়াত খানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসে। ২৬ মার্চ শাফায়াত জামিল লোকমুখে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞের খবর পান। খালেদ মোশাররফের সঙ্গেও তাঁর সেদিন ওয়্যারলেসে কথা হয়। তাঁর কাছে তিনি করণীয় সম্পর্কে জানতে চান। খালেদ মোশাররফ তক্ষুনি জবাব না দিয়ে কিছুটা সময় চান।এরপর ব্রাহ্মণবাড়িয়া ও শমশেরনগরে নানা ঘটনা ঘটে। খালেদ মোশাররফ সে রাতেই শমসেরনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওনা হন। ২৭ মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০ মাইল দূরে মাধবপুরে পৌঁছান। শাফায়াত জামিলের সঙ্গে তাঁর আবার ওয়্যারলেসে কথা হয়। শাফায়াত জামিল তাঁকে জানান, রেজিমেন্টের অধিনায়ক খিজির হায়াত খান সকাল নয়টায় সভা ডেকেছেন। খালেদ চিন্তিত হয়ে পড়েন। তাঁর সন্দেহ হয়, এ সভা ডাকার পেছনে বিপজ্জনক কিছু আছে। আর অপেক্ষা না করে পাকিস্তানিদের আটক ও নিরস্ত্র করতে শাফায়াত জামিলকে তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন।শাফায়াত জামিল আগেই কয়েকজনকে সতর্ক করে রেখেছিলেন। তিনি দ্রুত তাঁদের সঙ্গে কথা বলেন। এরপর লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ (বীর প্রতীক, পরে সেনাপ্রধান ও লেফটেন্যান্ট জেনারেল), লেফটেন্যান্ট হুমায়ুন কবির চৌধুরী (বীর প্রতীক, পরে ক্যাপ্টেন), নন-কমিশন্ড সেনা কর্মকর্তা বেলায়েত হোসেন (বীর উত্তম, পরে যুদ্ধে শহীদ), মুনির ও শহীদসহ কয়েকজন সশস্ত্র সেনাকে সঙ্গে নিয়ে অফিসার্স মেসে যান। অন্য বাঙালি সেনাদের বেশির ভাগই এর মধ্যে অস্ত্র হাতে তৈরি হয়ে যান।অফিসার্স মেসের একটি টেবিলে খিজির হায়াত খান, মেজর সাদেক নেওয়াজ ও লেফটেন্যান্ট আমজাদ নাশতা খাচ্ছিলেন। আরেক টেবিলে গল্প করছিলেন ক্যাপ্টেন আবদুল গাফফার হাওলাদার (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট কর্নেল ও মন্ত্রী), লেফটেন্যান্ট ডা. আখতার আহমদ (বীর প্রতীক, পরে মেজর) ও লেফটেন্যান্ট আবুল হোসেন।নাশতা খাওয়া শেষ করে অধিনায়ক খিজির হায়াত খান পাকিস্তানি কর্মকর্তা দুজনকে নিয়ে তাঁর অফিসে রওনা হলেন। শাফায়াত জামিল এরই এক ফাঁকে সাদেক নেওয়াজের অস্ত্র সরিয়ে রাখার জন্য তাঁর কক্ষে পাঠিয়েছিলেন আখতার আহমদকে। অধিনায়কের অফিস বড় তাঁবুতে। তিনি তাঁর চেয়ারে বসামাত্র হারুন-অর-রশিদ ও হুমায়ুন কবির অস্ত্র হাতে তাঁবুর দুই পাশে গিয়ে দাঁড়ালেন। শাফায়াত জামিল অধিনায়ক এবং অন্য দুই পাকিস্তানি কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা আমাদের দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ।...তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হলো। তোমাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব আমার।’বিদ্রোহ ঘটে গেল কয়েক মিনিটের মধ্যে। আনন্দে উচ্ছ্বসিত বাঙালি সেনারা স্লোগান দিতে শুরু করল। একটু পর তাদের সঙ্গে যোগ দিল স্থানীয় মানুষেরা। এর মধ্যে সেখানে বাংলাদেশের মানচিত্রখচিত একটি পতাকা বাঁশের মাথায় উড়িয়ে দেওয়া হয়। আটক তিনজন পাকিস্তানি সেনাকর্মকর্তাকে লেফটেন্যান্ট আখতার থানা হাজতে রেখে আসেন। শাফায়াত জামিল থানা কর্তৃপক্ষকে বন্দী তিনজনের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করার পরামর্শ দেন। পরে তাদের খালেদ মোশাররফের নির্দেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তানি ও বিহারি সেনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতার হাতে তারা নিহত হয়।বেলা তিনটায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছলেন খালেদ মোশাররফ। রেজিমেন্ট পরিচালনার দায়িত্বভার অর্পিত হলো তাঁর ওপর।