ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের সহযোগীদের দায়ের কোপে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামে এ ঘটনা ঘটে। আহত আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন (৩৬) ও বিশেষ আনসার মো. আবদুল্লাহকে (৪৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।গ্রামবাসীরা জানান, আখাউড়া থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পাথারিয়াটেক গ্রামের আবু সাঈদ ও রহিজ মিয়াকে ধরতে পুলিশ আজ বেলা ১১টায় অভিযান চালায়। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে। হামলাকারীরা পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ভেঙে পুকুরে ফেলে দেয়।আহত পুলিশের উপপরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ‘মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে তাদের সহযোগীরা আমাদের ওপর ঢিল ছোড়ে এবং অটোরিকশাটি ভেঙে পানিতে ফেলে দেয়।’ তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে তিনি দাবি করেন।এদিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মো. গুলজার হোসেন জানান, এসআই বেলালের হাতে পাঁচটি সেলাই এবং আনসার সদস্য আবদুল্লা¬হর কনুইয়ে কয়েকটি সেলাই লেগেছে। মনে হচ্ছে, ধারালো দায়ের আঘাতে তাঁরা আহত হন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আবু সাঈদ ও রহিজ মিয়া একাধিক মাদক মামলার আসামি। ধরতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।