ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় ধন মিয়া (৬০) নামে এক মুক্তিযোদ্ধাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। বিচারাধীন একটি মামলার সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে তাঁকে হত্যা করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ধন মিয়ার ভাতিজা আবু সাঈদ সম্প্রতি তাদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরতে গেলে একাংশের মালিক প্রতিবেশী আবুল কালাম তাকে বাধা দেয়। বাধা না শোনায় আবুল কালামের ছেলে ওসমান মিয়া ধারালো দা দিয়ে সাঈদের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় আবু সাঈদের বাবা হাসিম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য দেওয়ার জন্য ধন মিয়া ও হাসিম মিয়া আজ আদালতে যাচ্ছিলেন। এ সময় পথে আবুল কালামের লোকজন বিজেশ্বর এলাকায় তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধন মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দৌড়ে প্রাণে বেঁচে যান হাসিম মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।