ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাতে বাড়ি ফেরার পথে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে খসে পড়া দেয়ালের অংশবিশেষের আঘাতে ওই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক জীবনকুমার শীল মারা যান।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়িয়ে হালদারপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন জীবনকুমার। নির্মাণাধীন বহুতল ভবন ‘লুত্ফুর রহমান টাওয়ার’-এর পাশ দিয়ে যাওয়ার সময় ওই ভবনের একটি দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। এতে মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। ঢাকা নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। আজ সকালে জীবনকুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মিছিল নিয়ে কোর্ট রোড মোড়ে জড়ো হয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই ভবন মালিককে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি আবদুস সামাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলি চৌধুরী। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ও পুলিশ সুপার জামিল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে ভবন মালিকসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় ভবন মালিক লুত্ফুর রহমানের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।