ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এই ফল বাতিল ও অনিয়মে জড়িত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে।সচেতন নাগরিক সমাজ এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর যৌথ আয়োজনে এসব কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীকাল রোববারের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, তাঁর প্রধান সহকারী মো. রফিকুল ইসলামসহ কার্যালয়ের কর্মকর্তা এবং জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সাইয়ীদ এ অনিয়মে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ১০টায় পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে টি এ রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে চাকরিবঞ্চিত অন্তত ৪০০ লোক যোগ দেন। এ সময় আধা ঘণ্টা শহরের প্রধান সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। পুরো শহরে যানজটের সৃষ্টি হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা লাখ লাখ টাকা উৎকোচ নিয়ে হরিজন নয়, এমন অনেককেই হরিজন কোটায় চাকরি দিয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নন, এমন অনেককেই পৌরসভার ভুয়া জাতীয়তা সনদ দেখিয়ে চাকরি দেওয়া হয়েছে। আবার চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বক্তারা বলেন, ওই প্রতারক কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুম নিয়াজী প্রমুখ। বক্তারা আগামীকাল রোববারের মধ্যে নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁদের এ দাবি মেনে না নিলে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাওসহ ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা ও হরিজন কোটায় চাকরিতে অনিয়মের এ অভিযোগ ভিত্তিহীন। ঘুষ-বাণিজ্যও হয়নি। চাকরি না পেয়ে কেউ কেউ এ ধরনের অপপ্রচারে নেমেছে।সিভিল সার্জনের প্রধান সহকারী রফিকুল ইসলামের মুঠোফোনে গতকাল বারবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সাইয়ীদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি কোনোভাবেই নিয়োগ-সংক্রান্ত বিষয়ে টাকা-পয়সা লেনদেনের সঙ্গে জড়িত নই।’প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৩টি পদের বিপরীতে ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা নেওয়া হয় ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ৮৩টি পদের বিপরীতে তিন হাজার ৯৪৮ জন আবেদন করেন। গত বুধবার ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।