ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে তিনটি ধর্মীয় সংগঠন আজ বুধবার একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া একই উপলক্ষে এ তিনটি সংগঠন মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়ায় সরাইলে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গত পরশু জাতীয় সুন্নি আন্দোলন বাংলাদেশ ও তরিকত ফেডারেশন আজ সকাল ১০টায় আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্জে সমাবেশের ঘোষণা দেয়। গতকাল সন্ধ্যায় কওমি মাদ্রাসা ছাত্রঐক্য পরিষদও একই সময়ে একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল রাতে প্রশাসন মুক্তমঞ্চ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা করে। গতকাল রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, প্রতিবছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় সুন্নি আন্দোলন বাংলাদেশ ও তরিকত ফেডারেশন সরাইল উপজেলা সদরে সমাবেশের ঘোষণা দেয়। কওমি মাদ্রাসা ছাত্রঐক্য পরিষদও মিছিল-সমাবেশের কর্মসূচি দেয়। এ নিয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন ওই এলাকায় আজ সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বছর সরাইল উপজেলা সদরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।