ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি
ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আজ শনিবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্নি আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন আজ সকালে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শহরের ঈদগাঁও ময়দানে ধর্মীয় সমাবেশ ডেকেছিল। এদিকে একই সময়ে জামিয়া ইউনিসা ইসলামী মাদ্রাসাও আজ সকালে ঈদগাঁও ময়দানে ধর্মসভা ডাকে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন শহর ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। জেলা পুলিশ সুপার (এসপি) মোকলেসুর রহমান প্রথম আলোকে জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নি আন্দোলন বাংলাদেশ ও জামিয়া ইউনিসা ইসলামী মাদ্রাসা আজ সকালে শহরের ঈদগাঁও ময়দানে ইসলামী সমাবেশ ডেকেছিল। একই সময়ে সমাবেশ ডাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন শহর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। তিনি আরও জানান শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।