ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ শনিবার সংঘর্ষ হয়েছে। এতে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শকসহ (এসআই) অন্তত ৩০ জন লোক আহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামে গতকাল শুক্রবার বৈশাখী মেলায় জুয়া খেলা নিয়ে জয়কালীপুর ও পার্শ্ববর্তী নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামের কয়েকজন লোকের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে আজ সকাল নয়টা থেকে ওই দুই গ্রামের শত শত লোক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বি এম নূরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন ও সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানসহ অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে ওসি আলাউদ্দিনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত ১৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) বি এম নূরুজ্জামান জানান, বেলা একটার দিকে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে বলে তিনি জানান।