ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে অর্ধশত দোকান বিধ্বস্ত: আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর বাজারে আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে প্রবল ঝড়ে অর্ধশত দোকান বিধ্বস্ত হয়েছে। এতে নারীসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, নজরুল ইসলাম (৪৫), নবী হোসেন (৩৫) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মতিন মিঞার স্ত্রী জোবেদা খাতুন (৫০)। স্থানীয় জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ঝড়ের আঘাতে যেসব দোকান বিধ্বস্ত হয়েছে, তার বেশির ভাগই কাপড় ও স্টেশনারির দোকান। তিনি দাবি করেন, ঝড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম রওনা হয়েছেন।